পরিবারসহ বেড়াতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল একজনের
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া এলাকার কালীগঞ্জ-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম নিরঞ্জন রবি দাস (৪০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানার সাপমারা এলাকার মৃত গণেশ রবি দাসের ছেলে। নিহত নিরঞ্জন জুতা সেলাই ও রঙের (মুচির) কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় পরিবারসহ বেড়াতে গিয়েছিলেন নিরঞ্জন রবি দাস। বিকেলে বাড়ি ফেরার জন্য দেওপাড়া এলাকায় সড়কের পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় কালীগঞ্জগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন নিরঞ্জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি থানায় নেওয়া হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।