পরিবারের সবাইকে অচেতন করে কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা
পিরোজপুরের ভান্ডারিয়ায় সংখ্যালঘু পরিবারের সবাইকে অচেতন করে এক কিশোরীকে (১৫) অপহরণের অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার রাতের এই ঘটনায় ওই কিশোরীর বাবা গতকাল সোমবার রাতে মামলাটি করেন। এতে আসামির তালিকায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে সাইফুল ইসলাম (২২) নামের এক প্রতিবেশীকে।
এলাকাবাসী ও ওই কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে গতকাল কথা বলে জানা যায়, শনিবার রাত নয়টার দিকে মেয়েটির পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল নয়টার দিকে মেয়েটির বাবা তাঁর মুদিদোকান না খোলায় এক ক্রেতা তাঁদের বাড়িতে যান। এ সময় ওই ক্রেতা ঘরের মধ্যে মেয়েটির বাবা, মা ও দুই ভাইকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা ওই বাড়িতে গিয়ে বেলা আড়াইটার দিকে তাঁদের অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। তাঁদের জ্ঞান ফেরার পর ওই দিন রাতে বাড়ি ফিরে যান। পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, সাইফুল ইসলাম পরিবারের সবাইকে অচেতন করে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে গেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, দশম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন সাইফুল। শনিবার রাতে খাবার খেয়ে মেয়েটির পরিবারের সদস্যরা ঘুমাতে যান। মেয়েটি তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। সাইফুল আসামিদের নিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে মেয়েটি ও তাঁর মায়ের নাকে চেতনানাশক স্প্রে করে অচেতন করেন। এ সময় মেয়েটির বাবা লোকজনের উপস্থিতি টের পেয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দেখতে পান, সাইফুল তাঁর মেয়েকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন। এ সময় মেয়েটির বাবার ডাকচিৎকারে আসামিরা মেয়েটির বাবা ও দুই ভাইয়ের নাকে স্প্রে করলে তাঁরাও অচেতন হয়ে পড়েন। এরপর আসামিরা ঘরে থাকা ৩ লাখ ৭০ হাজার টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যান।
মামলার এজাহারে অভিযোগ ও কিশোরীর স্বজনদের ভাষ্যে কিছুটা অমিল পাওয়া গেছে। হাসপাতালের রোগী ভর্তির নিবন্ধন খাতায় দেখা যায়, গত রোববার বেলা আড়াইটা ও পৌনে তিনটায় ওই পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে মামলায় হাসপাতালে ভর্তির সময় উল্লেখ করা হয়েছে ওই দিন সকাল সাতটা। ঘটনার পরদিন মেয়েটির স্বজনেরা জানিয়েছিলেন, চেতনানাশক মেশানো খাবার খাইয়ে পরিবারের সদস্যদের অচেতন করে মেয়েটিকে অপহরণ করা হয়। মামলায় বলা হয়েছে, চেতনানাশক স্প্রে ব্যবহার করে তাঁদের অচেতন করা হয়েছিল। রোববার দুপুরে ওই পরিবারের চার সদস্যকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতী।
স্বজনদের বক্তব্য ও মামলার এজাহারের বর্ণনার অমিল প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কিশোরীর পরিবার। আসামিরা পলাতক থাকায় তাঁদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। তবে প্রধান আসামি সাইফুলের বড় ভাই হাসান হাওলাদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মেয়েটির সঙ্গে তাঁর ভাইয়ের প্রেম ছিল। শুনেছেন, মেয়েটি পরিবারের সদস্যদের অচেতন করে সাইফুলের সঙ্গে পালিয়েছে। মামলায় অনেক মিথ্যা অভিযোগ করা হয়েছে। নিরীহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান। তিনি বলেন, পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধারে ও আসামিদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম বলেন, মেয়েটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। পুলিশ অভিযোগ যাচাই করে দেখছে। অপহৃত কিশোরীকে উদ্ধারে তাঁরা তৎপর রয়েছেন।