পরিবেশ রক্ষায় জাগরণের আহ্বান

বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে ‘নাগরিক বন্ধন’। পরিবেশ রক্ষায় জাগরণের আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে। গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রাচীন রাজবাড়ির বটতলায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন রাজ্যের রাজবাড়ির সীমানাপ্রাচীর। ৫০০ বছর আগের এই স্থাপনার আশপাশ নানা প্রজাতির গাছে ঘন সবুজ। এর মধ্যে একটি পুরোনো বটবৃক্ষ ছায়া দিয়ে যাচ্ছে। ওই গাছের নিচে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সমন্বিত আহ্বান, পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব, এ জন্য প্রয়োজন সব শ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাজবাড়ির বটতলায় এভাবেই একটি কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা পরিবেশ রক্ষার জন্য এ আহ্বান জানান। আয়োজক সংগঠন এর নাম দিয়েছে ‘পরিবেশ রক্ষায় নাগরিক বন্ধন’।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট ও জৈন্তাপুরভিত্তিক নাগরিক সংগঠন ‘সারি নদী বাঁচাও আন্দোলন’ এ নাগরিক বন্ধনের আয়োজন করে। শুক্রবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চলে কর্মসূচি। তাতে স্বতঃস্ফূর্তভাবে একাত্ম হন জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।

আয়োজকেরা জানান, নাগরিক বন্ধন নামের কর্মসূচি যে স্থানে করা হয়েছে, সেটি সিলেট অঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি স্থান। প্রাচীন জৈন্তাশ্বরী রাজ্যের রাজবাড়ি। সেখানকার অবকাঠামো এখনো আছে। রাজবাড়ির আঙিনায় যে সুবিশাল বটবৃক্ষ, সেটির এক পাশে রাজবাড়ির সীমানাপ্রাচীর।

১৮৯৭ সালে সিলেট অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্পে এই রাজবাড়ির স্থাপনা ধসে পড়ার চিহ্ন রয়েছে। গত ২৯ মে ও পরদিন সিলেট শহরে ছয় দফা ভূকম্পন হয়। এটির উৎপত্তিস্থলের একটি জৈন্তাপুর হিসেবে বিশেষজ্ঞরা বলেছেন। প্রায় ২০০ বছর আগের ভূমিকম্পের সেই ধ্বংসচিহ্নের পাশে দাঁড়িয়ে নাগরিক বন্ধন করে তাঁরা পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় জনগণের সচেতনতার আহ্বান জানান।

জৈন্তাপুরের প্রবীণ ব্যক্তি আবদুস শুকুরের সভাপতিত্বে সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই আল হাদীর সঞ্চালনায় নাগরিক বন্ধন চলাকালে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল করিম চৌধুরী। পরিবেশ রক্ষার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে মনোজ কুমার সেন, শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, খাসি কমিউনিটির এন্ডু খংলা।

নাগরিক বন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, উন্নয়নের নামে সবার আগে পরিবেশ ধ্বংসের মহোৎসব চলে এবং এতে পাহাড়-টিলা কাটা ও অবাধে বৃক্ষ নিধন করা হয়। নদী দখল, দূষণ ও ভরাট করে জলাভূমি ধ্বংস করে অপরিকল্পিতভাবে অবকাঠামো তৈরিরও হিড়িক দেখা যায়। অথচ পরিবেশ সংরক্ষণের জন্য আইনের কোনো অভাব নেই। কিন্তু সেসব আইনের দৃশ্যমান ও কার্যকর বাস্তবায়ন নেই বললেই চলে। তাই পরিবেশের বিপর্যয় রোধে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের জাগরণ ছাড়া কোনোভাবেই পরিবেশ রক্ষা করা যাবে না।