পরীক্ষা দিতে এসে আটকা পড়া শিক্ষার্থীরা বাড়ি ফিরতে গাড়ি চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়।
ফাইল ছবি

বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কঠোর বিধিনিষেধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় সশরীরে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বাড়ি ফিরতে পারছেন না। এ জন্য বাড়ি ফিরতে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরিবহন সুবিধা চান।

শিক্ষার্থীরা বলছেন, করোনায় সেশনজটের থাবায় শিক্ষাজীবন এমনিতেই চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। করোনা সংক্রমণ কিছুটা স্থির হওয়ায় অন্যান্য বিশ্ববিদ্যালেয় মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ও উদ্যোগ নিয়েছিল সশরীরে ফাইনাল পরীক্ষা নেওয়ার। পরীক্ষা শুরুও হয়েছিল। কিন্তু পুনরায় সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে পুনরায় পরীক্ষা স্থগিত হয়ে যায়। এমন অবস্থায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা আটকা পড়ে বিপাকে পড়েছেন। একে তো হলে থাকার সুযোগ নেই, তার ওপর লকডাউনে সব যান চলাচল বন্ধ। তাই বাড়িতে যেতে পারছেন না এই শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লকডাউনের কারণে ক্যাম্পাসের বাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিয়েছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন উদ্যোগ না নেওয়ায় অসংখ্য শিক্ষার্থী বরিশালে আটকা পড়েছেন। তাঁদের হাতে টাকা নেই। অনেকে ধারদেনা করে চলছেন, মেসভাড়া ও থাকা–খাওয়ার ব্যয় নির্বাহ করছেন।

মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আহসান উল্লাহ, বগুড়া থেকে আসা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু তাহের, নেত্রকোনা থেকে আসা আইন বিভাগের শিক্ষার্থী রিফাত সারওয়ার খান, যশোর থেকে আসা রসায়ন বিভাগের শিক্ষার্থী শম্পা রায়, রাজবাড়ী থেকে আসা ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাজিফা আক্তার, সিলেট থেকে মার্কেটিং বিভাগের আরেক শিক্ষার্থী আল ফারিউল, পটুয়াখালীর কলাপাড়া থেকে আসা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, গণিত বিভাগের মাহবুব খান ও কুয়াকাটার মহিপুর থেকে আসা হিসাববিজ্ঞান বিভাগের রিফাত লিমনসহ এমন শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে আটকা পড়ে দুর্দশার মধ্যে আছেন।

গণিত বিভাগের শিক্ষার্থী তাসফিক হাসান বলেন, ‘আমার বাড়ি জামালপুর। পরীক্ষার কারণে বরিশালে আসা। আমি হলে থাকতাম, এখন তো হল বন্ধ। কয়েক দিনের জন্য বন্ধুদের মেসে উঠেছিলাম। বরিশালে থাকার তেমন কোনো ব্যবস্থা নেই। বাড়ি যেতে চাই, কঠোর লকডাউনে সেটাও সম্ভব নয়। ইতিমধ্যে আমার কয়েকজন সহপাঠী কোভিড পজিটিভ। মেসে থাকার কারণে হয়তো আমিও আক্রান্ত হয়ে যেতে পারি। কী করব, বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘এ অবস্থায় আমরা যাঁরা বরিশালে আটকা পড়ে আছি, তাঁদের বাড়ি পৌঁছে দেওয়াটা মনে হয় বিশ্ববিদ্যালয়ের একান্ত দায়িত্ব।’

আইন বিভাগের শিক্ষার্থী রিফাত সারওয়ার খান বলেন, ‘ডিপার্টমেন্টের শিক্ষকেরা বলেছিলেন এই বছরের মার্চে পরীক্ষা হবে কিন্তু আবার কঠোর লকডাউনের কারণে নাস্তানাবুদ হয়ে বাড়ি ফিরে যেতে হয়েছিল, তারপর আবার পরীক্ষার রুটিন দিয়ে দেওয়া হয় জুনে। সবাইকে বরিশাল আসতে বলা হলো, আমরাও আসলাম ফের বাসা ভাড়া নিলাম, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় কঠোর লকডাউন শুরু হওয়ায় পরীক্ষা বন্ধ হয়ে গেল। এখন বাড়ি যাওয়া নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’

এ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীরা দুর্ভোগে আছে এটা আমরা বুঝি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। বিষয়টি নিয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ২৪ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া চূড়ান্ত পর্বের (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা সশরীরে শুরু হয় এবং ২৭ জুন দেশব্যাপী লকডাউনের কারণে সব পরীক্ষা পুনরায় স্থগিত করা হয়।