পরীক্ষা নেওয়ার দাবিতে আয়োজিত কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা চালু রাখার দাবিতে কলেজের সাধারন শিক্ষার্থীরা মানববন্ধন করার প্রস্তুতি নিলে ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়। এতে ওই কর্মসূচি স্থগিত করে দেন আয়োজকেরা। রোববার সরকারি আজিজুল হক কলেজ চত্বরে
ছবি: প্রথম আলো

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ ছাত্রলীগ এবং কলেজ প্রশাসনের বাধায় পণ্ড হয়ে গেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের নতুন ভবনের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের কাছ থেকে ব্যানারও কেড়ে নেওয়া হয়।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী নিজেই ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধনে বাধা দেন।

এ বিষয়ে জানতে চাইলে  সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। ওই বিধিনিষেধ উপেক্ষা করে কিছু বহিরাগত  শিক্ষার্থী কলেজ প্রশাসনের অনুমতি ছাড়াই সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি নেয়। তাদের সঙ্গে কলেজের কোনো পরিচয়পত্রও ছিল না।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, ‘বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনৈতিক উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। বিষয়টি বুঝতে পেরে প্রকৃত শিক্ষাথীরা কর্মসূচি থেকে সরে আসে। আমি কাউকে বাধা দিইনি। সেখানে কোনো ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগও ভিত্তিহীন।’

তবে মানববন্ধন ও সমাবেশের আয়োজকেরা জানান, করোনার সংক্রমণের কারণে  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পরে করোনার সংক্রমণ কমে যাওযায় শিক্ষা কার্যক্রমসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়। পরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার অজুহাতে  শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি চলমান সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে  সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

শিক্ষার্থীরা করোনার টিকা নিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণে করোনা ছড়ানোর কোনো শঙ্কা নেই। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিয়তি সরকার, ছাত্র, ইতিহাস বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু কলেজ প্রশাসন ও ছাত্রলীগের নেতা–কর্মীরা সেই কর্মসূচিতে বাধা দিয়েছেন। অধ্যক্ষ নিজেই ব্যানার কেড়ে নিয়েছেন। বাধার মুখে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

এই আন্দোলনে অংশ নেওয়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের ছাত্র এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়তি সরকার বলেন, শিক্ষার্থীরা করোনার টিকা নিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণে করোনা ছড়ানোর কোনো শঙ্কা নেই। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করা হলেও কলেজ প্রশাসন ও ছাত্রলীগের কর্মীরা বাধা দিয়ে তা পণ্ড করে দিয়েছেন। অধ্যক্ষ নিজেই ব্যানার কেড়ে নিয়েছেন, হুমকি দিয়েছেন।  

শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি কে এম মোজাম্মেল হোসাইন প্রথম আলোকে বলেন, করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত হয়েছে।  যেসব শিক্ষার্থীর পরীক্ষা স্থগিত হয়েছে, তাঁরা যৌক্তিক দাবিতে মানববন্ধন করতেই পারেন। কিন্তু এই মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থীদের বদলে কিছু বহিরাগত শিক্ষার্থী সরকারবিরোধী উসকানিমূলক নানা বক্তব্য দিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও নানা কটূক্তি করছিলেন। তাঁরা কেউ চতুর্থ বর্ষের পরীক্ষার্থী নন, বহিরাগত।

 ছাত্রলীগ নেতা কে এম মোজাম্মেল হোসাইন আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিয়েছেন। কোনো ছাত্রলীগ কর্মী হিসেবে নয়, সংগঠনের কর্মীরা সেখানে সাধারণ শিক্ষার্থী হিসেবেই ক্যাম্পাসে বিশৃঙ্খলা ঠেকাতে মানববন্ধন স্থগিত করতে আয়োজকদের অনুরোধ করেছেন। কাউকে হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।

পরীক্ষার দাবিতে আন্দোলন হলে সেই আন্দোলনে ছাত্রলীগেরও সমর্থন আছে। তবে সেখানে পরীক্ষার্থীদের অংশগ্রহণ থাকতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বহিরাগতরা সরকারবিরোধী কর্মসূচি দিলে তা ক্যাম্পাসে করতে দেওয়া হবে না।
কে এম মোজাম্মেল হোসাইন, সভাপতি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ

কে এম মোজাম্মেল হোসাইন বলেন, পরীক্ষার দাবিতে আন্দোলন হলে সেই আন্দোলনে ছাত্রলীগেরও সমর্থন আছে। তবে সেখানে পরীক্ষার্থীদের অংশগ্রহণ থাকতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বহিরাগতরা সরকারবিরোধী কর্মসূচি দিলে তা ক্যাম্পাসে করতে দেওয়া হবে না।

উদ্ভূত পরিস্থিতিতে সমাবেশ কর্মসূচির আহ্বায়ক ও আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের পরীক্ষার্থী সিরাজ উদ্দিন মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। সিরাজ উদ্দিন বলেন, মানববন্ধন শুরুর আগেই ব্যানার কেড়ে নেন অধ্যক্ষ। পরে ছাত্রলীগও বাধা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়।