পরীক্ষা নেওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা জানানোর দাবি রাবি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের কাছে পরীক্ষা নেওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপনের দাবি জানিয়েছেন। রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে
প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে পরীক্ষা নেওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপনের দাবি জানিয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবি জানান। একই সঙ্গে তাঁরা অবিলম্বে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দিয়ে সব বর্ষের পরীক্ষা নেওয়ার দাবি করেছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হয়, ৩ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে নিজেদের মতো করে মনগড়া সিদ্ধান্ত নিয়েছে। তারা শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য কোনো রকম পরিকল্পনা ছাড়াই স্থগিত পরীক্ষাগুলো ও ২০২০ সালের পরীক্ষাগুলো নেওয়ার তারিখ ঘোষণা করেছে। একই সঙ্গে আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা পরীক্ষার তারিখ দিলেও কোন প্রক্রিয়ায় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, তার কোনো রূপরেখা দেয়নি। এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের দ্বিধা–দ্বন্দ্বে ফেলেছে। মাস কয়েক আগেও তাদের এমন সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা বিপাকে পড়েছিলেন।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, করোনা মহামারির কারণে প্রায় ১৫ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। দীর্ঘ সেশনজটে পড়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। অনেকে ছিটকে পড়েছেন শিক্ষাজীবন থেকে। কিন্তু শিক্ষার্থীদের এই কঠিন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চলেছে।

শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তালবাহানা বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেওয়ার যে ঘোষণা দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে তার রূপরেখা শিক্ষার্থীদের সামনে হাজির করতে হবে। এ ছাড়া আবাসিক হল না খুলে পরীক্ষা নেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে স্থগিত পরীক্ষাসহ অন্য সব বর্ষের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপরেখা হাজির করার দাবি জানান। নইলে আন্দোলন শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন, ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম, আরবি বিভাগের শিক্ষার্থী মাহফুজ আনাম, গণিত বিভাগের শিক্ষার্থী মো. মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।