পরীক্ষা শেষ, শুরু হচ্ছে উত্তরপত্র মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিনে বীজগণিত, সংখ্যাতত্ত্ব আর কম্বিনেটরিক্সের সমস্যা সমাধান করে বিশ্বের ১১০টি দেশের খুদে গণিতবিদেরা শেষ করল গণিত অলিম্পিয়াড। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৫৭তম আসরের পরীক্ষা পর্ব শেষে তারা তাদের জন্য আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার কার্যক্রমে যোগ দিচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেলে তাদের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ বুধবার শিক্ষার্থীরা হংকংয়ের ডিজনিল্যান্ডে বেড়াতে যাবে। দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে বাংলাদেশের ছয় প্রতিযোগী আশানুরূপ সমাধান দিয়েছে বলে দাবি করেছে। কাল রাতে কিংবা পরশু সকালে চূড়ান্ত ফলাফল পাওয়ার পর জানা যাবে তাদের অবস্থান।
গতকাল সকালে ৫৭তম আইএমওর ভেন্যু হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার সুযোগ হয়। বিশ্ববিদ্যালয়টির বয়স মাত্র ২৫ বছর হলেও ইতিমধ্যে বিশ্ব র্যা ঙ্কিংয়ে নিজেদের অবস্থান করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, গ্রন্থাগার ও কয়েকটি বিজ্ঞানাগার ঘুরিয়ে দেখান বাংলাদেশি বিজ্ঞানী এবং এই বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল ফেলো শাম্মী আখতার ফেরদৌসী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক এই কেমিকৌশল প্রকৌশলী এরই মধ্যে দুটি পেটেন্টের অধিকারী হয়েছেন। শাম্মীর কাছ থেকে জানলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও এখানে ব্যবসায় ও মানবিক অনুষদ রয়েছে। বিশ্বের বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থানরত হংকং ও চীনা নাগরিকদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মূল পড়াশোনার বাইরে নানাবিধ কর্মকাণ্ডে এমনভাবে যুক্ত রাখা হয়, যাতে তাঁরা গবেষণামুখী হতে পারেন।
আজ সকাল থেকে প্রতিযোগীদের উত্তরপত্র মূল্যায়ন ও সমন্বয়ের কাজ শুরু হবে। বাংলাদেশ গণিত দলের দলনেতা ও উপদলনেতা এ কাজে থাকবেন। দলনেতা মাহবুব মজুমদার গতকাল দুপুরে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আইএমওর নিয়মানুসারে দলনেতারা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অজ্ঞাত স্থানে থাকেন।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫৭তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। আনুষাঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।