পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার মানচিত্র

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন নেওয়ার অপরাধে জামালপুরের সরিষাবাড়ীতে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অপরাধে চার শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আরামনগর কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও আরামনগর কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা গেছে, পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম) শাখার হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  পরীক্ষা চলাকালে বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা ওই কেন্দ্রে যান।

এ সময় পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনার অপরাধে ৭ ও ৮ নম্বর কক্ষের ২ পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই দুই কক্ষের চার পরিদর্শককে দায়িত্বে অবহেলার অপরাধে  দায়িত্বে থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। পরীক্ষাকেন্দ্রের সচিব ছরোয়ার জাহান ইউএনওর নির্দেশে ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার ও  চার শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থেকে অব্যাহতি দিয়েছেন।

বহিষ্কার হওয়া দুজন সরিষাবাড়ী ডিগ্রি কলেজ ও সরিষাবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বিএম শাখার পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় সরিষাবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শিক্ষক আনোয়ার হোসেন ভুইয়া ও রফিকুল ইসলাম এবং সরিষাবাড়ী ডিগ্রি কলেজের আহসানুল আকবর ও সেংগুয়া ফাজিল মাদ্রাসার আতিকুর রহমানকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের সচিব সরিষাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলার অপরাধে চার শিক্ষককে কক্ষ পরিদর্শকের  দায়িত্বে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।