মুন্সিগঞ্জের শিমুলিয়া ও জাজিরার সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট নৌপথে পরীক্ষামূলক ফেরি চলেছে। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ২১টি গাড়ি ও ২৪টি মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতা জাজিরার দিকে রওনা হয়। ১টা ৫৫ মিনিটে ফেরিটি সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে এসে পৌছাঁয়।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা, ড্রেজিং বিভাগের কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আট কিলোমিটার নৌপথের লৌহজং টার্নিং থেকে মঙ্গলমাঝির ঘাট পর্যন্ত চারটি স্থানে নাব্যতা–সংকট থাকায় ফেরি আটকে যায়। ওই স্থানগুলোতে খনন করে এক সপ্তাহের মধ্যে নৌপথটিতে ফেরি চালানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।
বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলতে গিয়ে গত ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। নদীতে তীব্র স্রোত থাকায় এরপর আরও তিনটি ফেরি পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট থেকে ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে শরীয়তপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষ চরম বিপাকে পড়ে। লঞ্চ ও স্পিডবোট দিয়ে মানুষ পদ্মা নদী পারাপার হচ্ছে।
জরুরি সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট এলাকায় ২৫ আগস্ট নতুন করে একটি ফেরিঘাট নির্মাণ করা হয়। জাজিরার নাওডোবা পদ্মা সেতুর চ্যানেল ধরে লৌহজং টার্নিং হয়ে ভাটিতে ফেরিগুলো চলাচল করার কথা ছিল। কিন্তু চ্যানেলে নাব্যতা–সংকটের কারণে ফেরি চালাতে পারেনি বিআইডব্লিউটিসি।
লৌহজং টার্নিং থেকে সাত্তার মাদবর, মঙ্গলমাঝির লঞ্চঘাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে খনন করা হচ্ছে। শুক্রবার ওই ৫ কিলোমিটার এলাকায় ১০ ফুট হতে ১৮ ফুট পানির গভীরতা ছিল। শনিবার লৌহজং টার্নিংয়ের মুখে, পাইনপাড়া, পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোইড্রো করপোরেশনের জেটির কাছে ও সাত্তার মাদবর, মঙ্গলমাঝির লঞ্চঘাটের অদূরে নাব্যতা–সংকট দেখা দিলে ফেরি আটকে যায়।
বিআইডব্লিউটিএর খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী এনামুল হক প্রথম আলোকে বলেন, যে স্থানগুলোতে নাব্যতা–সংকটের কথা বলা হয়েছে, সেখানে চ্যানেলের বাইরে দিয়ে ফেরি চালানো হয়েছিল। চ্যানেলের সে স্থানগুলোতেও খনন করা হবে। আর সাত্তার মাদবর–মঙ্গলমাঝির ঘাটের অদূরে যেখানে নাব্যতা–সংকট দেখা দিয়েছে, সেখানে তিন দিনের মধ্যে খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে।
বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের পরিচালক আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, বেশ কিছু দিন বন্ধ থাকার পর ৮ নভেম্বর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে সীমিত পরিসরে চারটি ফেরি চালানো হচ্ছে। সেখানে সরকারি গাড়ি, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও ব্যক্তিগত গাড়ি পারাপার করা হয়। যার ফলে দক্ষিণাঞ্চলের মানুষ ভোগান্তিতে আছে। এখন দ্রুততম সময়ের মধ্যে সাত্তার মাদবর-মঙ্গলমাঝির ঘাটটি চালু করা হবে। শনিবার পরীক্ষামূলক ফেরি চালানো হয়েছে। কিছু স্থানে নাব্যতা–সংকট রয়েছে। আশা করছেন আগামী ৭ দিনের মধ্যে তা দূর করে ফেরি চালানো সম্ভব হবে।