পরীক্ষার অনুমতি না পেয়ে হলে তালা দিলেন দুই ছাত্র!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরীক্ষার হল ও বিভাগীয় সভাপতির কক্ষে তালা দিয়েছেন বিভাগের দুই শিক্ষার্থী ও তাঁদের বন্ধুরা। এ সময় বিভাগীয় সভাপতিকে তাঁর কক্ষে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এই অবস্থায় বিভাগের পূর্বনির্ধারিত ৪০১ নম্বর কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে। ওই দুই শিক্ষার্থী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে বিশেষ অনুমতি পাওয়ার পরও কর্তৃপক্ষ তাঁদের পরীক্ষা নিতে গড়িমসি করেছে। এ কারণে তাঁরা পরীক্ষার হলে তালা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সৌমেন দাশ ও সুকন্যা মজুমদার নামের ওই দুই শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হন। উপাচার্যের সুপারিশের ভিত্তিতে তাঁদের বিশেষ পরীক্ষা নিতে চলতি বছরের ২৫ মে বিভাগীয় সভাপতিকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠান পরীক্ষা নিয়ন্ত্রক। চিঠিতে অকৃতকার্য দুই শিক্ষার্থীকে পরীক্ষার ফি জমা দিতে বলা হলেও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
জানা গেছে, সৌমেন গত ১৪ জুন এবং সুকন্যা চলতি মাসের ১২ তারিখ ফি জমা দেন। এর মধ্যে চতুর্থ বর্ষের পরীক্ষার সময় ঘনিয়ে আসায় ১১ আগস্ট দুই শিক্ষার্থী বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অঙ্গীকারনামা দিয়ে আবেদন করেন। এতে তাঁরা বলেন, ‘আমরা চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে চাই। এই পরীক্ষার পরই আমরা তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেব। তবে তৃতীয় বর্ষের পরীক্ষায় আমরা আবার অকৃতকার্য হলে বিভাগীয় কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে আমরা বাধ্য থাকব।’
সৌমেন ও সুকন্যার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট বিভাগীয় কর্তৃপক্ষ এভাবে পরীক্ষা দিতে পারবে কি না, সেটি নিশ্চিত হতে পরীক্ষা নিয়ন্ত্রকের দ্বারস্থ হয়। পরীক্ষা নিয়ন্ত্রক তাদের এবং বিভাগীয় সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতিকে আবার অঙ্গীকারনামা দিতে ওই দুই শিক্ষার্থীকে নির্দেশ দেন। গতকাল পরীক্ষা শুরুর আগে দুই শিক্ষার্থী অঙ্গীকারনামা নিয়ে বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতির কাছে যান।
সৌমেন ও সুকন্যা অভিযোগ করেন, বিভাগে দায়িত্বরত দুই শিক্ষক অঙ্গীকারনামায় স্বাক্ষর করা নিয়ে গড়িমসি করতে থাকেন। ফলে তাঁরা পরীক্ষা দিতে পারছিলেন না। এর পরই তাঁরা ও তাঁদের বন্ধুরা পরীক্ষার হলে ও বিভাগীয় সভাপতির কক্ষে তালা দেন। পরে ৪০১ নম্বর কোর্সের পরীক্ষা স্থগিতের আশ্বাস পেয়ে প্রায় এক ঘণ্টা পর পরীক্ষার হলের তালা খুলে দেন সৌমেন দাশ।
সৌমেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘উপাচার্যের সুপারিশের পরও বিভাগীয় কর্তৃপক্ষ এত দিন আমাদের বিশেষ পরীক্ষা নেয়নি। এদিকে চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়ে গেছে। চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ না নিলে আমাদের একটা বছর নষ্ট হবে। বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগেও কর্তৃপক্ষ আমাদের পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়নি। তাই অসহায় হয়ে আমি ও আমার বন্ধুরা তালা লাগাতে বাধ্য হই।’
তবে বিভাগের সভাপতি মোহাম্মদ ফয়সাল বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের চিঠি তিনি পান ১২ আগস্ট। এদিকে ১৪ আগস্ট চতুর্থ বর্ষের পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়সূচি ছিল। সুতরাং এক দিনের ব্যবধানে তো তাঁদের তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না। আগামী সোমবার বিভাগের একাডেমিক কমিটির সভায় ওই দুই শিক্ষার্থীর ব্যাপারে সিদ্ধান্ত হবে।