পরীক্ষার ফল নিতে এসে লাশ হয়ে ফিরল সমৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

জামালপুর শহরের বসাকপাড়া এলাকায় প্রথম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফল নিয়ে বাড়িতে ফিরতে পারল না ছয় বছরের সমৃদ্ধি ধর। আজ বুধবার দুপুরে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় সে নিহত হয়েছে। শহরের প্রধান সড়কের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সমৃদ্ধি জামালপুর শহরের বসাকপাড়া এলাকায় সৌমিক কান্তি ধরের মেয়ে। সে স্থানীয় শহরের বকুলতলা এলাকায় একটি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঈদের কারণে স্কুল বন্ধও দিয়েছে। আজ শুধু অর্ধবার্ষিক পরীক্ষার ফল দিচ্ছিল স্কুলে। ফল নিয়ে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সমৃদ্ধি তার দাদির সঙ্গে দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়। তারা স্কুলে যায় ও পরীক্ষার ফল নেয়। এরপর বেলা একটার দিকে বাড়ি ফেরার জন্য বকুলতলা এলাকায় প্রধান সড়কটি দাদির হাত ধরে পার হচ্ছিল সে। হঠাৎ সমৃদ্ধি দাদির হাত ছেড়ে দেন। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথম জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করেন চিকিৎসকেরা। এর মধ্যেই তার মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত সমৃদ্ধির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে, অবশ্যই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।