পরীক্ষার হলে জব্দ দুই মুঠোফোন ভূমি কার্যালয় থেকে ‘গায়েব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন
ফাইল ছবি

পরীক্ষাকক্ষে মুঠোফোন রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আর মুঠোফোন দুটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জব্দ করে নিয়ে যান। পরীক্ষা শেষে দেওয়ার কথা বললেও প্রায় দুই মাসেও মুঠোফোন দুটি দেওয়া হয়নি। এখন বলা হচ্ছে এমন কোনো মুঠোফোন ভূমি কার্যালয়ে নেই।

পটুয়াখালীর বাউফলে এ ঘটনা ঘটেছে। উপজেলা সদরের ছালেহিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা চলাকালে গত বছরের ২১ ডিসেম্বর ওই মুঠোফোন জব্দ করা হয়েছিল।
ওই দুই পরীক্ষার্থীর নাম মো. মোস্তাফিজুর রহমান ও মো. বায়েজিদ রহমান।

মোস্তাফিজ উপজেলার কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ও বায়েজিদ বাউফল ছালেহিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের বাবা মো. রুহুর আমিন বলেন, অনলাইনে ক্লাস করার জন্য ২৪ হাজার টাকা দিয়ে তিনি ছেলেকে একটি অ্যানড্রয়েড মুঠোফোন কিনে দেন। মুঠোফোনটি ভুলবশত পরীক্ষার কক্ষে নিয়ে যান। সেই অপরাধে তাঁর ছেলেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সময়ে মুঠোফোনটি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ভূমি কার্যালয়ে গেলে এসি ল্যান্ড (সহকারী কমিশনার–ভূমি) আবেদন করতে বলেন। গত ১ জানুয়ারি লিখিত আবেদন করেছেন। এর পর থেকে ‘দেই, দিচ্ছি’ বলে ঘোরাতে থাকেন। সর্বশেষ গত বুধবার জানিয়ে দেওয়া হয় তাঁর ছেলের মুঠোফোনটি পাওয়া যাচ্ছে না। একই কথা বলা হচ্ছে বায়েজিদকেও। তাঁর মুঠোফোনটিও অ্যানড্রয়েড।

ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাদ্রাসার অধ্যক্ষ মো. নজিরুল হক বলেন, হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা চলাকালীন পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান। তিনি সাত পরীক্ষার্থীর কাছে মুঠোফোন পাওয়ায় ও তিন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করেন। মুঠোফোনগুলো তিনি নিয়ে যান। মোস্তাফিজুর ও বায়েজিদকে মুঠোফোন রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, ‘যে দুটো মুঠোফোন দামি ছিল, সেই দুটো মুঠোফোনই গায়েব করা হয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, কারও মুঠোফোন গায়েব হওয়ার কোনো সুযোগ নেই। মুঠোফোনগুলো জব্দ করে তাঁর কার্যালয়ের নাজিরের কাছে রেখেছিলেন। সেখান থেকে মালিকানা যাছাই করে মুঠোফোনগুলো ফেরত দেওয়া হচ্ছে। তিনি বলেন, তবে মুঠোফোনগুলো সরকারি মালখানায় জমা দিয়ে দিলেই ভালো হতো। তাহলে কোনো ঝামেলা থাকত না।

উপজেলা ভূমি কার্যালয়ের নাজির মো. রাসেল হোসেন বলেন, দুটো মুঠোফোন ছাড়া সব মুঠোফোন ফিরিয়ে দেওয়া হয়েছে। যে দুটো মুঠোফোন আছে, তা বাটন সেট। আর ওই তালিকায় মোস্তাফিজুর রহমান ও বায়েজিদ রহমান নামে কারও নাম নেই।