ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থীরা পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগে বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলামকে তাঁর কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। আজ মঙ্গলবার দুপুরে অন্তত এক ঘণ্টা শিক্ষার্থীরা নজরুল ইসলামকে এভাবে আটকে রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত একাধিক শিক্ষকের অনুরোধে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
শিক্ষার্থীদের ভাষ্য, গতকাল সোমবার অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের ফল প্রকাশ করা হয়। অর্থনীতি বিভাগের প্রধান মো. নজরুল ইসলামের নির্দেশে ইচ্ছাকৃতভাবে শিক্ষকেরা খাতা মূল্যায়নে কম নম্বর দিয়েছেন। আবার খাতা মূল্যায়নের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাস্টার্সের ফলাফল পাওয়া শিক্ষার্থীরা নজরুলকে তাঁর কক্ষের বাইরে থেকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষার্থীদের অভিযোগ, স্নাতক (সম্মান) চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ ৩ দশমিক ৮৫ সিজিপিএ পেলেও স্নাতকোত্তরে সর্বোচ্চ ফলাফল সিজিপিএ ৩ দশমিক ৪৫। খাতা পুনর্মূল্যায়ন করা হলে অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর পয়েন্ট বাড়বে বলে শিক্ষার্থীদের দাবি।
একাধিক শিক্ষার্থীর ভাষ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কোনো শিক্ষার্থী যেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে না পারেন, এ জন্য ইচ্ছাকৃতভাবে তাঁদের নম্বর কম দেওয়া হয়েছে। বিভাগীয় প্রধান নজরুল ইসলাম বিভিন্ন সময় এমন হুমকিও দিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এ ব্যাপারে কথা বলার অর্থনীতি বিভাগের প্রধান মো. নজরুল ইসলামকে কল করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি ক্লাসে আছেন বলে সংযোগ কেটে দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগে শিক্ষকের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করার খবর পাওয়ার পর আমরা সেখানে যাই। শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর বলেন, ‘নম্বর কম দেওয়া ব্যাপারে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে আমাদের জানাননি।’