পর্তুগালে যাচ্ছে রংপুরের একই গ্রামের ৪ নারী ফুটবলার, গ্রামে আনন্দের ঢেউ
‘নারী ফুটবলারের গ্রাম’ হিসেবে পরিচিতি পাওয়া রংপুর সদর উপজেলার পালিচড়া গ্রামের চার নারী ফুটবলার প্রশিক্ষণের জন্য ইউরোপের দেশ পর্তুগালে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর। এ খবরে ওই গ্রামে আনন্দের ঢেউ লেগেছে।
প্রশিক্ষণের জন্য বালিকা বিভাগে মনোনীত ১১ ফুটবলারের (অনূর্ধ্ব-১৭) নাম ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় পাঁচজনকে রেখেছে ক্রীড়া পরিদপ্তর। চূড়ান্তভাবে মনোনীত ১১ জনের মধ্যে রংপুরের ৩ বালিকা স্থান করে নিয়েছে। সেই সঙ্গে অপেক্ষমাণ তালিকায় আছে একজন। ওই চার নারী ফুটবলার হলো নাসরিন আক্তার, মৌরাশি আক্তার, রেখা আক্তার ও শাম্মি আক্তার। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও সদর উপজেলার পালিচড়া গ্রামের সদ্যপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাবের ফুটবলার।
চার নারী ফুটবলার হলো নাসরিন আক্তার, মৌরাশি আক্তার, রেখা আক্তার ও শাম্মি আক্তার। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও সদর উপজেলার পালিচড়া গ্রামের সদ্যপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাবের ফুটবলার।
জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে গত বছর অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা, অনূর্ধ্ব-১৭) ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এই চার নারী খেলোয়াড় অংশ নেয়। সেখান থেকে বাছাই করা প্রতিভাবান ১১ জন, অপেক্ষমাণ ৫ জনসহ মোট ১৬ খেলোয়াড়কে চলতি বছরের জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই মাস নিবিড় প্রশিক্ষণ দিয়েছে ক্রীড়া পরিদপ্তর। বর্তমানে তাদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। প্রশিক্ষণে অংশ নেওয়া বালিকারা পর্তুগালে যাওয়ার জন্য মনোনীত হয়েছে।
সদ্যপুষ্করিণী ইউনিয়নের চার নারী ফুটবলার বিদেশে প্রশিক্ষণের জন্য মনোনীত হওয়ায় গ্রামে আনন্দের ঢেউ লেগেছে। নারীদের ফুটবলের জন্য ব্যাপক পরিচিতি পাওয়া ওই ইউনিয়নের বাসিন্দারা বলছেন, সদ্যপুষ্করিণীর মেয়েরা ফুটবলে দিন দিন এগিয়ে যাচ্ছে। অতীতেও অনেক সাফল্য নিয়ে এসেছে এ গ্রামের মেয়েরা। সদ্যপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাব বাংলাদেশ নারী লীগে খেলেছে। পর্তুগালে প্রশিক্ষণের সুযোগ পাওয়ার বিষয়টিও তাদের আরেকটি বড় সাফল্য।
এ খবর শুধু তাঁদের পরিবারের একার আনন্দ নয়, পুরো গ্রামের মানুষের আনন্দের খবর। সেই সঙ্গে রংপুরের জন্যও খুশির খবর।
বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাওয়া শিলা আক্তারের বাবা গোলজার হোসেন বেশ আনন্দিত। তিনি প্রথম আলোকে বলেন, এ খবর শুধু তাঁদের পরিবারের একার আনন্দ নয়, পুরো গ্রামের মানুষের আনন্দের খবর। সেই সঙ্গে রংপুরের জন্যও খুশির খবর।
রেখা আক্তারের বাবা রেজ্জাক আলী বলেন, ‘এই গ্রামোত মেয়েদের ফুটবল খেলার জন্য একটি ক্লাব আছে। এটে একটা মাঠ আছে। সেই মাঠোত এই গ্রামেরই মিলন মিয়া মেয়েদের প্রশিক্ষণ দেয়। গ্রামোত ক্লাব না থাকলে এত কিছু হইল না হয়।’
সদ্যপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফুটবল প্রশিক্ষক মিলন মিয়া প্রথম আলোকে বলেন, গ্রামের মেয়েদের বাড়ি থেকে ধরে নিয়ে এসে ফুটবল খেলা শিখিয়েছেন। খেলাধুলায় ভালো করে তারা গ্রামের মুখ উজ্জ্বল করেছে। সেই সঙ্গে তাদের সফলতা দিন দিন বেড়েই চলেছে। ক্লাবের মাধ্যমে দেশে আরও ভালো মানের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখাই তাদের লক্ষ্য। সেই চেষ্টা নিয়েই দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের সহযোগিতায় তাঁরা কাজ করে যাচ্ছেন।
জেলা প্রশাসক আসিব আহসান প্রথম আলোকে বলেন, পালিচড়া গ্রামের মেয়েরা ভালো ফুটবল খেলে এগিয়ে যাচ্ছে। রংপুরের মুখ উজ্জ্বল করছে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন সময় সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও সেই সহযোগিতা থাকবে।
এর আগে ৪ এপ্রিল ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য বালক বিভাগে (অনূর্ধ্ব ১৭) বিকেএসপি থেকে ১১ খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ক্রীড়া পরিদপ্তর। আগামী মে মাসের শেষের দিকে ব্রাজিলে ওই প্রশিক্ষণ শুরু হবে।