পর্যটন এলাকা ঘোষণার এক মাসের মাথায় হুমকির মুখে গুলিয়াখালী সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের গুলিয়াখালি পর্যটন এলাকা থেকে বালি উত্তোলনের সময় বাল্কহেডসহ দুইজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত
ছবি: সংগৃহীত

সরকারিভাবে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণার এক মাসের মাথায় হুমকির মুখে পড়তে চলেছে গুলিয়াখালী সমুদ্রসৈকত। ওই সৈকত এলাকা থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে সৈকতটি ভাঙনের কবলে পড়তে পারে বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ সোমবার সৈকত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুসহ একটি বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মো. ফেরদৌস ও মো. শাহ আলম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের উপজেলা ভূমি কার্যালয়ে রাখা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, গুলিয়াখালী সৈকত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাঁরা আজ সোমবার বেলা ১১টার দিকে অভিযান চালান। টের পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজারসহ বাল্কহেড নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁরা ধাওয়া দিয়ে বাল্কহেডটি জব্দ করেন। তবে ড্রেজারটি পালিয়ে যায়। বাল্কহেডের চালক ও মাঝিকে আটক করা হয়েছে। বাল্কহেডের মালিককে খবর দেওয়া হয়েছে। মালিক আসার পর পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হবে। গুলিয়াখালী সৈকতের ব্যাপারে তাঁরা সতর্ক অবস্থানে আছেন বলে জানান তিনি।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সৈকত এলাকার ২৫৯ দশমিক ১০ একর উপকূলীয় বনভূমি নিয়ে গত ১০ জানুয়ারি গুলিয়াখালীকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করে সরকার। ঘোষণার পর থেকে সৈকতে পর্যটকের সংখ্যা দ্বিগুণ বেড়ে যায়। সৈকতটির বিশেষত্ব হলো পুরো এলাকার মাটি সবুজে ঢাকা এবং এটি ম্যানগ্রোভ বন।

সৈকত এলাকার পর্যটনসংশ্লিষ্ট (নৌকার মাঝি ও দোকানি) একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু দুষ্কৃতকারী ১৫-২০ দিন আগে গুলিয়াখালী সৈকত বরাবর সাগর উপকূল থেকে বালু উত্তোলন শুরু করে। বর্ষায় সৈকতটি ভাঙনের কবলে পড়তে পারে, এমন আশঙ্কা থেকে তাঁরা কয়েকজন এতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে স্থানীয় কিছু দুষ্কৃতকারী বালু উত্তোলনের সঙ্গে জড়িত হয়ে পড়ায় ক্রমাগত তাঁদের হুমকি-ধমকির কারণে তাঁরা আর বাধা দিতে সাহস পাননি। পরবর্তী সময়ে ক্ষতির আশঙ্কায় তাঁরা নিজেদের নাম-পরিচয়ও প্রকাশ করতে রাজি হননি।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতটি জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র ছিল। কয়েক বছর আগে একটি শিল্পগোষ্ঠী ওই সৈকত এলাকা থেকে বালু উত্তোলনের পর সেটি ভাঙনের কবলে পড়ে। ফলে দিন দিন জনপ্রিয়তা হারাতে থাকে বাঁশবাড়িয়া সৈকত। এখন তাঁদের আশঙ্কা, গুলিয়াখালী সৈকতের অবস্থা যেন এমন না হয়। এ জন্য তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন প্রথম আলোকে বলেন, সম্প্রতি গুলিয়াখালী সৈকতের কাছাকাছি বাড়বকুণ্ড এলাকায় একটি কোম্পানি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি তাঁদের নজরে এলে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি এ বিষয়ে স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। তবুও ওই কোম্পানি অদৃশ্য ক্ষমতাবলে বালু উত্তোলন করে যাচ্ছে। তিনি আরও বলেন, কয়েক দিন ধরে সরকারঘোষিত পর্যটন এলাকা গুলিয়াখালীতে বালু তোলা হচ্ছে। এতে সৈকতটি ভাঙনের কবলে পড়তে পারে বলে মনে করেন তিনি।