চট্টগ্রাম নগরে রেলের ১২টি লেভেল ক্রসিংয়ের মধ্যে অন্তত পাঁচটিতে পর্যাপ্ত সংখ্যক ফটক (গেট) নেই। যেখানে আছে সেখানেও সংকেত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে রেলপথ অতিক্রম করে যানবাহন এবং পথচারীরা। ফলে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা।
সর্বশেষ গত শুক্রবার বিকেলে কদমতলী রেলক্রসিং পার হওয়ার সময় অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। এর আগে গত ২১ আগস্ট নগরের সিটি গেট এলাকার ঈগল স্টার মিলসংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক নিহত হন। ওই ক্রসিংয়ে গেট থাকলেও সংকেত অমান্য করে ট্রাকটি লাইনে উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বিভিন্ন স্থানে রেলপথের ওপর ছোট-বড় অন্তত ১২টি লেভেল ক্রসিং বা রেলক্রসিং রয়েছে। এসব ক্রসিং দিয়ে যানবাহন এবং সাধারণ মানুষ পারাপার হয়। ১২ রেলক্রসিংয়ের মধ্যে অন্তত পাঁচটিতে পর্যাপ্ত গেট নেই। এর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে বটতলী স্টেশনসংলগ্ন কদমতলী রেলক্রসিং। দুই লেনের এই সড়কে দুই দিকে চারটি গেট থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুটি। ফলে সড়কের এক পাশ গেট ফেলে বন্ধ করা হলেও অন্য পাশ দিয়ে যানবাহন রেলপথে উঠে যায়।
সরেজমিনে দেখা গেছে, গতকাল শনিবার বেলা পৌনে একটার দিকে ডেমু ট্রেন বটতলী স্টেশনে ঢুকছিল। কিন্তু কদমতলী ক্রসিং অতিক্রমের সময় ট্রেনটির গা ঘেঁষে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং প্রাইভেট কার রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একই চিত্র দেখা গেছে বেলা একটায় মেঘনা এক্সপ্রেস ঢোকার সময়ও। গেটও ফেলা হয়নি তখন।
জানতে চাইলে গেটম্যান রবিউল ইসলাম বলেন, ‘যানবাহন কম বলে গেট ফেলিনি। দুজন দুই দিকে দাঁড়িয়ে গাড়ি আটকে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘দুই দিকে গেট ফেললেও ভুল পথে এসে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা লাইনে উঠে পড়ে। সামলানো বড় কষ্টকর।’
একইভাবে দুই লেনের সড়ক হলেও ষোলশহর ২ নম্বর গেট, অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা, সিডিএ এলাকার রেলক্রসিংয়ের দুই দিকে দুটি করে গেট রয়েছে। ফলে অন্য পথ দিয়ে যানবাহন রেলপথে উঠে পড়ে, এতে দুর্ঘটনা ঘটে।
ষোলশহর রেলস্টেশন-সংলগ্ন ২ নম্বর গেট রেলক্রসিংয়ে চারটি গেট দরকার হলেও রয়েছে মাত্র দুটি গেট। তার মধ্যে একটি গেট ভেঙে গেছে। বাঁশ দিয়ে আপাতত ওই গেট সামাল দেওয়া হচ্ছে। প্রতিদিন ১৫টির মতো ট্রেন এই ক্রসিং অতিক্রম করে। এই ক্রসিংয়ের পাশে রেলপথের ওপর কাঁচাবাজারও বসে প্রতিদিন। ঈদের আগে এই বাজার উচ্ছেদ করা হলেও আবারও এটা জমে উঠেছে। ট্রেন এলে ক্রেতা-বিক্রেতাদের লাইন থেকে সরে যেতে দেখা যায়।
গেটম্যান কবির হোসেন বলেন, ট্রেন আসার সময় গেট ফেললেও রং সাইড দিয়ে গাড়ি রেললাইনে উঠে যায়। সামলানো খুব কষ্টকর হয়ে পড়ে। এ ছাড়া রয়েছে বাজার।
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, বেশ কিছু ক্রসিংয়ে পর্যাপ্ত গেট না থাকায় যানবাহন সামলানো কঠিন হয়ে পড়ে।