পলাতক আসামি সীমান্তে গ্রেপ্তার, জামিন নিয়ে পালানোর পর জানাজানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশরাফ হত্যা মামলার প্রধান আসামি পলাতক নয়ন সরকার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে ছাত্রলীগের কর্মী আশরাফ উদ্দীন চৌধুরী (১৭) হত্যা মামলার প্রধান পলাতক আসামি ছাত্রলীগ নেতা নয়ন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের দুই দিনের মাথায় কৌশলে জামিন নিয়ে পালিয়ে গেছেন তিনি। বিষয়টি গত মঙ্গলবার জানাজানি হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) ইফরান খান বলেন, সাতক্ষীরায় গ্রেপ্তার হলেও নয়নের জামিনে বেরিয়ে যাওয়ার খবর পেয়েছেন তিনি। তাঁকে আবার গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্র জানায়, ১৩ জুন রাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নয়ন সরকারসহ ছয়জনকে আটক করে বিজিবি। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাঁকে কলারোয়া থানায় তুলে দেওয়া হলে পাসপোর্ট আইনে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। কিন্তু সেখান থেকে দুই দিনের মাথায় ২৯ জুন জামিনে বেরিয়ে পালিয়েছেন নয়ন সরকার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের জয়কালী হাট এলাকার মা কমিউনিটি সেন্টারের সামনে ছাত্রলীগের কর্মী আশরাফ উদ্দীন চৌধুরীকে ছুরিকাঘাত করেন কয়েকজন। ওই সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনার পরের দিন নিহত আশরাফের বাবা মো. আবদুল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক উপসম্পাদক নয়ন সরকারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযুক্ত নয়ন ভারতে পালিয়ে যান। সেখান থেকে ফেরার পথে গ্রেপ্তার হলেও জামিন নিয়ে পালিয়েছেন নয়ন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘নয়ন সরকারের সাতক্ষীরায় গ্রেপ্তারের খবর পেয়ে আমরা তাঁকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছিলাম। কিন্তু ততক্ষণে তিনি জামিনে বেরিয়ে পড়েন।’