পলাশবাড়ীতে কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক ২
গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধারের দাবি করেছে র্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) কোম্পানির একটি দল মহাসড়কের হরিণমারী এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
আজ বুধবার বেলা ১১টায় রংপুর র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩–এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস। অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন আল-আমিন (২২) ও মো. নয়ন (২০)। তাঁরা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।
র্যাব জানায়, গতকাল ঢাকা-রংপুর মহাসড়কের চেকপোস্টে অভিযানের সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা পেশায় চালক ও চালকের সহকারী। তবে আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
র্যাব-১৩–এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুজন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা প্রায়ই রাজশাহী থেকে হেরোইন গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হবে।