পলাশবাড়ীতে ট্রাকের চাপায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইটবাহী ট্রাকের চাপায় সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় উপজেলার বেঙ্গুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম ইসমাইল (১৩)। সে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় একটি ইটভাটা থেকে ইটবাহী একটি ট্রাক পলাশবাড়ী উপজেলা শহরের দিকে যাচ্ছিল। বেলা পৌনে ১১টায় ট্রাকটি বেঙ্গুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী কিশোর ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকচালককে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।