পলাশবাড়ীতে বনবিড়ালের চারটি ছানা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করা বনবিড়ালের ছানা
ছবি: প্রথম আলো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর গ্রাম থেকে শনিবার গভীর রাতে বনবিড়ালের  চারটি ছানা উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)। শনিবার গভীর রাতে উপজেলার মহেশপুর গ্রামের শাহানুর ইসলামের উঠান থেকে ছানাগুলো উদ্ধার করা হয়। রোববার দুপুরে একই গ্রামের জঙ্গলে সেগুলো অবমুক্ত করা হয়।

সংগঠনের গাইবান্ধা সরকারি কলেজ শাখা সূত্রে জানা গেছে, উপজেলার মহেশপুর গ্রামের শাহানুর ইসলামের উঠানের বাঁশের মাচায় সম্প্রতি একটি বনবিড়ালের চারটি ছানা হয়। এলাকার ছোট ছেলেমেয়েরা সেগুলোকে উত্ত্যক্ত করতে থাকে। খবর পেয়ে তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা শনিবার রাত ১২টার দিকে বনবিড়ালের ছানাগুলো উদ্ধার করেন।

সংগঠনটি জানায়, রোববার দুপুরে ছানাগুলো একই গ্রামের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এ সময় তীরের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ, সহসভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য হাবিবুল বাসার উপস্থিত ছিলেন। পরে এলাকার বাসিন্দাদের সঙ্গে বন্য প্রাণী নিয়ে সচেতনতামূলক কথা বলা হয়।

সংগঠনটির গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জিসান মাহমুদ বলেন, বনবিড়ালের ছানা পাওয়ার পর রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও তীরের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলামের পরামর্শে সেগুলো উদ্ধার ও অবমুক্ত করা হয়।

জিসান মাহমুদ আরও বলেন, বনবিড়ালের খাবারের বড় অংশই হচ্ছে ঘাসফড়িং-জাতীয় পোকা ও ইঁদুর। যেগুলো খেতখামারে থাকে এবং ফসলের ক্ষতিসাধন করে। তাই বনবিড়াল গৃহপালিত মুরগি-কবুতর ধরে নিয়ে খেয়ে যতটুকু ক্ষতি করে, তার চেয়ে অনেক বেশি উপকার সাধন করে থাকে। এরা নিশাচর। গাছে উঠে রাতের আঁধারে ছোট পাখি বা পাখির ডিম, ছানা প্রভৃতি শিকার করে খায়। এক লাফে কয়েক ফুট যেতে পারে। দিনের বেলায় এরা লতাপাতায় ঘেরা বড় গাছের কোটরে ঘুমায় বা তন্দ্রাচ্ছন্ন থাকে। প্রজনন মৌসুমে গাছের কোটরে দুই থেকে চারটি ছানা প্রসব করে।