পলাশে ব্যক্তিগত গাড়ির চাপায় ১০ বছরের শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় ব্যক্তিগত গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার জিনারদীর মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম তাওহিদ (১০)। সে ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ বিকেলে একটি ব্যক্তিগত গাড়ি পলাশের চরনগরদী থেকে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এ সময় ব্যক্তিগত গাড়িটি মাঝেরচর এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে প্রতিযোগিতা করে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় ব্যক্তিগত গাড়িটি সড়কের পাশে থাকা তাওহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাওহিদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাওহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক বলেন, ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর লাশ এ হাসপাতালেরই মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ওই ব্যক্তিগত গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত তাওহিদের লাশ ময়নাতদন্ত হবে কি না, ওই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।