পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের রক্তাক্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

ফরিদপুরে মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। তবে পুলিশ আসার আগেই লাশ মাটিচাপা দেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ রোববার সকাল আটটার দিকে শহরের গঙ্গাবর্দী এলাকার বিএডিসি অফিস–সংলগ্ন সানি ফিলিং স্টেশনের সামনে নবজাতকের লাশ দেখে পুলিশকে জানানো হয়।

ওই এলাকার বাসিন্দা কালাম মোল্লা প্রথম আলোকে বলেন, পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ যেখানে পাওয়া যায়, এর পাশেই একটি মুদির দোকান রয়েছে। আজ সকালে মুদিদোকানদার দোকান খুলতে এসে নবজাতকটি দেখতে পান। পরে এলাকাবাসী ৯৯৯–এ ফোন দিয়ে বিষয়টি জানান; কিন্তু পুলিশ না আসায় স্থানীয় লোকজন সকাল আটটার আগে নবজাতকের লাশটি মাটিচাপা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিস বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী নবজাতকটিকে মাটিচাপা দেন। ধারণা করা হচ্ছে, মহাসড়ক দিয়ে ইজিবাইকে যাওয়ার সময় কেউ পলিথিনে ভরে লাশটি ফেলে যান। তিনি বলেন, মাটিচাপা দেওয়ায় জিডি করা ছাড়া নবজাতকটির ব্যাপারে কিছুই করার ছিল না। একবার মাটি হয়ে গেলে আদালতের নির্দেশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া লাশ তোলা সম্ভব নয়।