পলেস্তারা খসে আহত শিক্ষার্থী তবু পরিত্যক্ত ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলেস্তারা খসে বেরিেয় আছে রড। এর মধ্যেই চলছে সারোয়াতলী উচ্চবিদ্যালয়ে পাঠদান l প্রথম আলো
পলেস্তারা খসে বেরিেয় আছে রড। এর মধ্যেই চলছে সারোয়াতলী উচ্চবিদ্যালয়ে পাঠদান l প্রথম আলো

দুই বছর আগেই পরিত্যক্ত ঘোষিত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ির সারোয়াতলী উচ্চবিদ্যালয়ের দুটি ভবনের একটি। সম্প্রতি ঝুঁকিপূর্ণ ওই ভবনের ছাদের পলেস্তারা খসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তবু শ্রেণিকক্ষসংকটের কারণে ওই পরিত্যক্ত ভবনেও চলছে পাঠদান।
বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, উপজেলার সারোয়াতলী ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়ের দুটি ভবনে মোট সাতটি কক্ষে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এর মধ্যে শ্রেণিকক্ষ আছে পাঁচটি। শিক্ষার্থীর সংখ্যা ৪০৬ জন ও শিক্ষক রয়েছেন ১১ জন। দুটি ভবনের একটি নির্মিত হয়েছিল ১৯৯৫ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে। তিন কক্ষবিশিষ্ট এই ভবন দুই বছর আগেই পরিত্যক্ত হয়েছে। চার কক্ষবিশিষ্ট অন্য ভবনটি নির্মিত হয়েছে ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে। বর্তমানে ওই ভবনের চারটি কক্ষই কেবল ব্যবহার উপযোগী আছে। তবে এই চার কক্ষের মধ্যে দুটি ব্যবহৃত হয় শিক্ষক মিলনায়তন ও পাঠাগার হিসেবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পুরোনো ভবনে শ্রেণির কার্যক্রম চলার সময় ৪ আগস্ট ছাদ থেেক পলেস্তারা খসে পাঁচ শিক্ষার্থী আহত হয়। এরা হলো সুজলা চাকমা, টুকেল চাকমা, সুখেন চাকমা, মনোরমা চাকমা ও ডায়না চাকমা। শিক্ষার্থীদের সবাই মাথায় আঘাত পায়। সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে ফাটল ধরেছে। তিন কক্ষেই পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। সব কটি কক্ষের দরজা-জানালা ভাঙা। শ্রেণিকক্ষগুলোতে পানি পড়ে স্যাঁতসেঁতে হয়ে আছে।
দশম শ্রেণির মিলন স্মৃতি ও আদর্শ চাকমা বলে, ‘সব সময় আতঙ্কের মধ্যে ক্লাস করি। প্রতিদিন ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। তাই ক্লাসের সময় ছাড়া অন্য সময় শ্রেণিকক্ষের বাইরেই কাটাই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর জেলা পরিষদ ও সংশ্লিষ্ট বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। তবু এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সামনে বার্ষিক পরীক্ষা এবং জেএসসি ও এসএসসি পরীক্ষা শুরু হবে। তাই এ মুহূর্তে বিদ্যালয় বন্ধ রাখা যাচ্ছে না। শিক্ষার্থীদের স্বার্থে বাধ্য হয়ে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতীন রায় চাকমা বলেন, ‘বিদ্যালয়ের অবস্থা করুণ হয়ে পড়েছে। শিক্ষক মিলনায়তনসহ কমপক্ষে নয়টি কক্ষ প্রয়োজন, এর মধ্যে আছে মাত্র চারটি। ক্লাস চলাকালে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। অভিভাবকেরাও আমাকে এ ব্যাপারে অভিযোগ করছেন।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর মোহাম্মদ বলেন, ‘শিক্ষকেরা শ্রেণিকক্ষের সংকট ও পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানের বিষয়ে লিখিতভাবে আমাকে জানিয়েছেন। বিষয়টি আমিও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুফিদুল আলম বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানের বিষয়ে আমাকে কেউ কিছুই বলেননি। ভবন পরিত্যক্ত হলে সেখানে ক্লাস না করার জন্য জানিয়ে দেওয়া হবে। অন্য কোথাও ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে।’