পলো বাওয়া উৎসবে মাছ ধরতে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলবেঁধে পলো দিয়ে মাছ ধরতে নেমেছেন স্থানীয় মানুষ। মঙ্গলবার উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামে বাউরকা বিলে
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাছ ধরতে মানুষের ঢল নেমেছে। আজ মঙ্গলবার উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামে বাউরকা বিলে দিনব্যাপী চলে মাছ ধরার উৎসব। দলবেঁধে পলো দিয়ে মাছ ধরার বিষয়টি স্থানীয়ভাবে পলো বাওয়া উৎসব হিসেবে পরিচিত।

গ্রামের বিভিন্ন বয়সী মানুষ দিনক্ষণ ঠিক করে পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। কালের বিবর্তনে মাছ ধরার  উৎসবটি আগের মতো জমকালো না হলেও রীতিটা এখনো আছে। হৈ–হুল্লোড় করে মাছ শিকারিরা বিলে মাছ ধরতে নামেন। বিলের দুই পাড়জুড়ে মাছ ধরা দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী।

বিলটি প্রভাকরপুর গ্রামের হলেও পলো বাওয়া উৎসবে অংশ নেন আশপাশের গ্রামের শত শত মাছ শিকারি। পলোতে ধরা পড়ে বোয়াল, শোল, মাগুর গজারসহ বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এ বিলে পলো দিয়ে মাছ ধরা উৎসব হয়। তবে বিলে মাছের নড়াচড়া ও পানির পরিমাণের ওপর ভিত্তি করে উৎসবের দিনক্ষণ ঠিক করা হয়। গ্রামবাসীর সিদ্ধান্তে নির্দিষ্ট দিনের আগে কেউ বিলে মাছ শিকার করেন না। নির্দিষ্ট দিনে সকাল থেকে প্রভাকরপুর গ্রামসহ আশপাশের এলাকার মানুষ বিলে মাছ ধরায় অংশ নেন।

প্রভাকরপুর গ্রামের বাসিন্দা ফজরুল ইসলাম বলেন, ‘প্রতি বছর বিলে মাছ ধরতে আসি, এবারও এসেছি। মাছ পাওয়া বা না পাওয়া বড় নয়। সবাই মিলে আনন্দ করছি, হৈ–হুল্লোড় করছি, এটাই অনেক কিছু। তারপরও আমি একটি শোল মাছ পেয়েছি। আনন্দ লাগছে।’

পাশের মোহাম্মদপুর গ্রামের ইয়াকুব আহমদ বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় পলো বাওয়া উৎসব হচ্ছে। এখন মাছ কমে গেছে। আগে বেশি মাছ পাওয়া যেত। তারপরও প্রতিবছরই এ বিলে উৎসবমুখর পরিবেশে পলো বাওয়া উৎসব হয়।