পশুপাখির সঙ্গে একটি দিন কাটাল শিক্ষার্থীরা

ব্লু গোল্ড ম্যাকাও, গ্রিন উইং ম্যাকাও, কাকাতুয়া, লাভ বার্ডসহ বিচিত্র সব নামের বিচিত্র সব পাখি। কোনোটি খাঁচায়, কোনোটি শিকলে বন্দী। আবার কোনোটি এতটাই প্রভুভক্ত যে বন্ধনহীন থাকলেও দিব্যি মালিকের কাঁধে, মাথায় বসে আছে। শুধু পাখি নয়, ছিল বিড়াল-কুকুরসহ কয়েকটি প্রাণীও। আর ছিল অ্যাকুরিয়ামে নানা প্রজাতি ও বর্ণের মাছ।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশের প্রিমিয়ার ইংলিশ স্কুল ক্যাম্পাসে চিটাগং বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ দিনব্যাপী এই পশুপাখি প্রদর্শনীর আয়োজন করে। আশপাশের এলাকার অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ‘ওয়াইল্ড লাইফ কার্নিভ্যাল’ নামের এ প্রদর্শনী দেখতে আসে। ৫০টির বেশি প্রজাতির পশুপাখি প্রদর্শনীতে হাজির করা হলেও সবার আগ্রহ ছিল ব্লু গোল্ড ম্যাকাওয়ের প্রতি। ম্যাকাওয়ের সঙ্গে ছবি তোলার পাশাপাশি পাখিটিকে একটু ছুঁয়ে দেখতেও ব্যস্ত ছিল অনেকে। গ্রিন উইং ম্যাকাও পাখিও দৃষ্টি কাড়ে অনেকের।
প্রিমিয়ার ইংলিশ স্কুলের শিক্ষার্থী মো. ইনতেজার বলে, একসঙ্গে এত বিচিত্র ধরনের পাখি সে কখনো দেখেনি। তার খুব ভালো লেগেছে।
ব্লু গোল্ড ম্যাকাও নিয়ে আসেন ফরহাদ আলম নামে এক ব্যক্তি। তিনি বলেন, এখন একেকটি ব্লু গোল্ড ম্যাকাও দেড় লাখ টাকায় বিক্রি হয়। গ্রিন উইং ম্যাকাও পাখির দাম প্রায় তিন লাখ টাকা।
ম্যাকাও ছাড়াও রোজেলা, কাকাতুয়া ও বিভিন্ন প্রজাতির কবুতর দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের। একটি সাদা কাকাতুয়া স্থান পায় প্রদর্শনীতে। কাকাতুয়া দেখার জন্যও ভিড় ছিল। দুটি ফাইটার মোরগ ছিল একটি খাঁচার মধ্যে। প্রদর্শনীর পাশাপাশি বিক্রি হচ্ছিল লাভ বার্ডসহ বিভিন্ন প্রজাতির পাখি।
পাখির পাশাপাশি বিভিন্ন প্রজাতির বিদেশি কুকুরের প্রতি আগ্রহও কম ছিল না দর্শনার্থীদের। ছিল বিদেশি বিড়ালও। আর ছিল অ্যাকুরিয়ামে অন্তত ১০ প্রজাতির রঙিন মাছ।
প্রিমিয়ার ইংলিশ স্কুলের পরিচালক আরিফ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পশুপাখি সম্পর্কে ধারণা দিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে পশুপাখির প্রতি তাদের আগ্রহ বাড়বে।