পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার অধিকাংশ পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও অবৈধভাবে হাসিল নেওয়া হচ্ছে। ফলে কোরবানির পশু কিনতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। হাসিল আদায়ের তালিকা টাঙানো বাধ্যতামূলক হলেও অধিকাংশ হাটে তা টাঙানো হয়নি।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি হাট-বাজারগুলোর ব্যবস্থাপনা ও ইজারা প্রদানের নীতিমালা অনুযায়ী প্রতিটি গরু ও মহিষ সর্বোচ্চ ৩০০ টাকা এবং প্রতিটি ছাগল ও ভেড়া সর্বোচ্চ ১০০ টাকা হাসিল আদায়ের কথা। গবাদিপশুর ক্ষেত্রে কেবল ক্রেতারা হাসিল দেন। হাসিলসংক্রান্ত বিষয়গুলো তদারক করবেন সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা।
জেলার ৩১টি পশুর হাটের মধ্যে গতকাল শনিবার কয়েকটি ঘুরে দেখা গেছে, ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায়ের পাশাপাশি বিক্রেতাদের কাছ থেকেও হাসিল নেওয়া হচ্ছে। বিশেষত, সদর উপজেলার দারিয়াপুর, লক্ষ্মীপুর, পলাশবাড়ীর মাঠের হাট, সাঘাটার ভরতখালী, সাদুল্যাপুরের মহিষবান্দি, গোবিন্দগঞ্জের গোলাপবাগ ও ফাঁসিতলা হাটে অতিরিক্ত ও অবৈধভাবে হাসিল নেওয়া হচ্ছে।
গতকাল দুপুরে শহরের রেলস্টেশন-সংলগ্ন হাটে গরু কিনতে আসা সদর উপজেলার বাংলাবাজার এলাকার তামজিদুর রহমান বলেন, ‘শহরের হাটেও হাসিল আদায়ের তালিকা নেই। এ সুযোগে ইজারদাররা মনগড়াভাবে হাসিল নিচ্ছে। আমি ৩৫ হাজার টাকায় একটি গরু কিনেছি। আমার কাছ থেকে প্রতি হাজার টাকায় ৩০ টাকা হিসেবে ১ হাজার ৫০ টাকা হাসিল নেওয়া হয়। এমনকি বিক্রেতার কাছ থেকেও ২০০ টাকা নেওয়া হয়।’
সদর উপজেলার খোলাহাটি গ্রামের কৃষক হারুন মিয়া বলেন, ‘গরু বিক্রির পর আমার কাছ থেকে রশিদ ছাড়াই ২০০ টাকা হাসিল নিল ইজাদার।’ সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিন খান বলেন, ‘অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাইনি। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পলাশবাড়ীর কালীবাড়ি হাটে দেখা যায়, হাসিল নেওয়া হচ্ছে বেশি। উপজেলার মহদিপুর গ্রামের কলেজশিক্ষক ময়নুল হক বলেন, তালিকা টাঙানো থাকলে ইজারাদাররা অতিরিক্ত টাকা নিতে পারবেন না। তাই ইজাদাররা তা লাগান না। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। একই গ্রামের বাবু মিয়া (৪৫) বলেন, ‘একটি গরুর জন্য ৩০০ টাকা হাসিল নির্ধারণ করা হলেও আমার কাছ থেকে ৭৫০ টাকা নেওয়া হয়।’ এ হাটের ইজারাদার গোলাম সরওয়ার অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, হাটের নিজস্ব জায়গা নেই। জায়গা ভাড়া নিয়ে হাট চালানো হচ্ছে। তাই বিক্রেতাদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। জানতে চাইলে পলাশবাড়ীর ইউএনও তোফাজ্জল হোসেন বলেন, ‘অভিযোগটি শুনেছি। অভিযান চালানো হবে।’
সাঘাটার ভরতখালী হাটে গিয়েও একই দৃশ্য চোখে পড়ল।