পশুর হাটে স্বাস্থ্যবিধি উধাও

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বৃহৎ গরুর হাট দেউলী সুবিদখালীর সাপ্তাহিক হাটে বেশির ভাগ ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। তাঁদের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বও উধাও। যেন করোনার সংক্রমণের কথা ভুলেই গেছেন সবাই।
কোরবানি কাছে আসছে, হাটে ক্রেতা-বিক্রেতারও ভিড় বাড়ছে। পশুর দাম তুলনামূলক কম থাকলেও বেচাকেনা তেমন নেই বলে দাবি ব্যবসায়ীদের।
গতকাল সোমবার দেউলী সুবিদখালীর সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের প্রচণ্ড ভিড়। সামাজিক দূরত্বের বালাই নেই। অনেকেরই মুখে মাস্ক নেই। হাতে গোনা দু-একজনের মাস্ক থাকলেও কথা বলার সুবিধার্থে মুখ থেকে তা নামিয়ে রেখেছেন গলায়। হাট কমিটির পক্ষ থেকে সচেতনতামূলক তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। হাত ধোয়ার ব্যবস্থা নেই। স্যানিটাইজারের ব্যবহার হাটের কোথাও দেখা যায়নি। মাস্ক না পরার বিষয়ে জানতে চাইলে কয়েকজন তড়িঘড়ি করে পকেট থেকে মাস্ক বের করেন।
গরু কিনতে আসা উপজেলার সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মালেক বলেন, উপজেলার সবচেয়ে বড় পশুর হাট এটি। সপ্তাহে সোমবার হাট বসে। দূরদূরান্ত থেকে মানুষ এই হাটে কেনাবেচা করতে আসেন। তাই সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো সুযোগ নেই।
পার্শ্ববর্তী বরগুনা থেকে গরু বিক্রি করতে এসেছিলেনন আবদুর রহিম হাওলাদার (৪৮)। তাঁর মুখে মাস্ক নেই। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, পকেটে মাস্ক আছে।
বেতাগী থেকে আসেন মো. ইসমাইল হোসেন (৫০)। তাঁর মুখেও মাস্ক নেই। গরু টানাটানি করা নিয়েই ব্যস্ত। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের কিছুই হবে না।’ পরে পকেট থেকে মাস্ক বের করে মুখে পরেন।
দেউলী হাটের অন্যতম ইজারাদার আবদুল মোতালেব সিকদার বলেন, সবাইকে স্বাস্থ্যবিধির কথা বলা আছে। কিন্তু মানুষ তা মানছে না। আসলে গ্রামের মানুষ সচেতন নয়। তাই স্বাস্থ্যবিধি রক্ষা করা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন বলেন, উপজেলার হাট ইজারাদারদের নিয়ে আজ মঙ্গলবার একটি বৈঠক করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কোরবানির পশু বেচাকেনার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি ব্যতিক্রম ঘটে, তবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রয়োজনে হাট বন্ধ করে দেওয়া হবে।