পশুর হাটের বর্জ্য দিঘিতে, ভেসে উঠছে মরা মাছ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দিঘিতে কোরবানির পশুর হাটের বর্জ্য মেশার পর সব মাছ মরে ভেসে উঠছে। পৌর শহরের সাগরদিঘিতে এ ঘটনা ঘটেছে। গত বুধবার ঈদের দিন থেকে হাতে গোনা মাছ ভেসে উঠতে থাকলেও আজ শুক্রবার পুরো দিঘিই মরা মাছে ভরে যায়।
শ্রীমঙ্গল পৌরসভা থেকে ইজারা নিয়ে এই দিঘিতে মিশ্র মাছ চাষ করছিলেন হাজি আজিজুর রহমান নামের এক ইজারাদার। সব মাছ মরে যাওয়ায় বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁকে। দিনভর কাজ করেও দিঘির পচা মাছ অপসারণ করা সম্ভব হয়নি।
সরেজমিনে শুক্রবার বিকেলে দেখা যায়, পুরো দিঘিতে রুই, পাঙাশসহ বড় বড় মাছ ভেসে উঠেছে। দিঘির চারপাশে এলাকায় মরা পচা মাছের দুর্গন্ধে থাকা কষ্টকর। বেশ কয়েকজন শ্রমিক নৌকা দিয়ে মরা মাছগুলো দিঘি থেকে উঠিয়ে নিচ্ছেন। সেই মাছগুলো একটি পিকআপ ভ্যানে করে মাটিচাপা দিতে নিয়ে যাওয়া হচ্ছে। একটি বড় মোটর লাগিয়ে দিঘির পানিতে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। উৎসুক মানুষ দিঘির জলে মরা মাছ দেখার জন্য ভিড় জমাচ্ছে।
স্থানীয় ইউসুফ মিয়া বলেন, সকাল থেকে দিঘি থেকে যে গন্ধ বের হচ্ছে, তাতে এখানে থাকা বেশ কষ্টসাধ্য। বাতাসে এই মরা মাছের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে।
মরা মাছ সরানোর দায়িত্বে থাকা তিনজন কর্মী প্রথম আলোকে বলেন, সকাল থেকে দুটি নৌকা দিয়ে মরা মাছ তুলছেন। এখানে ২ থেকে ৪ কেজি ওজনের মাছই বেশি। মাছগুলো পচে যাওয়ায় দিঘি থেকে ওঠাতে কষ্ট হচ্ছে।
মাছ চাষ দেখাশোনার দায়িত্বে থাকা জুয়েল মিয়া বলেন, ঈদের দিন থেকে মাছ মরে ভেসে উঠতে থাকে। এখানে রুই, কাতলা, পাঙাশসহ মিশ্র মাছ চাষ করা হচ্ছিল। ঈদের পর মাছগুলো ধরে বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনাটি ঘটল। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির প্রথম আলোকে বলেন, সাগরদিঘির পাশেই কোরবানির পশুর হাট বসেছিল। সেখানকার গরুর গোবর, মূত্র ও বর্জ্য পদার্থ বৃষ্টির দিঘির পানিতে মিশে অক্সিজেনের সংকট দেখা দেয়। এ কারণে মাছ মরে ভেসে উঠেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সেখানে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মরা মাছ তুলে সেখানের গ্যাস দূর করা হচ্ছে।