পাঁচ ঘণ্টা অপেক্ষার পর জানতে পারলেন টিসিবির পণ্য বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শনিবার টিসিবির ‘ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম’ শেষ হয়েছে। কিন্তু আজ রোববারও পণ্য কিনতে ভিড় করেছেন ভোক্তারা। জেলা পরিষদ মিলনায়তন, ঠাকুরগাঁও, ২৭ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর মহল্লার বাসিন্দা শহিদা বেগম। শহরের বাড়ি বাড়ি গৃহকর্মী হিসেবে কাজ করেন তিনি। আজ রোববার বেলা একটার দিকে জেলা পরিষদ মিলনায়তনের ফটকে দাঁড়িয়ে এদিক–ওদিক দেখছিলেন আর হাত ছুড়ে অন্যদের সঙ্গে কথা বলছিলেন। তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট।

কথা হলে শহিদা বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাক থেকে তেল, ডাল ও চিনি কিনবেন। তাই সকাল আটটায় তিনি ওই জায়গায় যান, যাতে লাইনের প্রথম দিকে দাঁড়ানো যায়। সেই সময় তিনি এই প্রতিবেদকের কাছ থেকে জানতে পারেন, ন্যায্যমূল্যে টিসিবির খাদ্যপণ্য বিক্রির মেয়াদ গতকাল শনিবার শেষ হয়ে গেছে। অপেক্ষার পাঁচ ঘণ্টা পর কথাটি শুনেই হতাশ হয়ে পড়লেন শহিদা।

শুধু শহিদা নন, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনতে এসে আজ রোববার এভাবেই খালি হাতে ফিরে গেছেন অনেক নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। ঠাকুরগাঁওয়ে নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। দফায় দফায় বেড়েছে চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজ ছাড়াও সবজি, মাছ, মুরগিসহ সব জিনিসের দাম।  

আজ শহরের বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে এক লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা ১০ দিন আগেও ছিল ১৫০ টাকা। এক লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, ১০ দিন আগে ছিল ১৬০ টাকা। এ ছাড়া খুচরা দোকানে মোটা দানার মসুর ডাল ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এটি ৮৫ টাকায় বিক্রি হয়েছে। দেশি-বিদেশি পেঁয়াজ ৩০ টাকা থেকে বেড়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় ৩ ফেব্রুয়ারি টিসিবি ‘ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম’ শুরু করে। ঠাকুরগাঁওয়ে ৯ জন পরিবেশকের মাধ্যমে টিসিবির খাদ্যপণ্যের মধ্যে প্রতিলিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি মুসুর ডাল ৬৫ টাকা ও চিনি ৫৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

বাজারদরের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় টিসিবির ট্রাকের সামনে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদের ভিড় বেড়ে যায়। গত শনিবার শেষ হয়ে যায় টিসিবির পণ্য বিক্রির মেয়াদ। পণ্য বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুদ্র ও নিম্ন আয়ের মানুষের চিন্তায় পড়েছেন।

আজ বেলা একটার দিকে সরেজমিন ঠাকুরগাঁও পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে দেখা যায়, শ খানেক নারী-পুরুষের জটলা। কেউ বসে আছেন গাছের ছায়ায়। কেউ দাঁড়িয়ে সঙ্গীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন। অপেক্ষমাণ একাধিক লোকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সবাই টিসিবির পণ্যবাহী ট্রাকের জন্য অপেক্ষা করছেন।

টিসিবির পণ্য কিনতে এসে অপেক্ষা করছেন পূর্ব হাজীপাড়া মহল্লার ফেরদৌসী বেগম। তাঁর স্বামী শহরের একটি দোকানের বিক্রয়কর্মী। পণ্যের ট্রাক না আসায় তাঁর মধ্যে প্রচণ্ড অসন্তোষ। সে সময় তিনি বলেন, তাঁর স্বামীর বেতনে সংসার চলে না। ছেলেমেয়ে নিয়ে অসুবিধার মধ্যে রয়েছেন। তাই কম দামে তেল, ডাল, চিনি কিনতে এসেছেন। টিসিবির পণ্য বিক্রি বন্ধ হওয়ার কথাটি সে সময় এই প্রতিবেদক তাঁকে জানান। শুনেই মুষড়ে যান ফেরদৌসী, চোখমুখ কালো হয়ে আসে তাঁর। একটু দম নিয়ে তিনি বলেন, ঘরে খাওয়ার লোক চারজন। টিসিবি থেকে কম দামে তেল-ডাল পাইলে কিছু পয়সা বাঁচে। বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় আমার জন্য সংসার চালানো কষ্ট হয়ে গেল। পরে এ বিষয়টি অপেক্ষায় থাকা লোকজনকে জানালে তাঁরা কিছুতেই বিশ্বাস করতে পরছিলেন না। শেষমেশ এই প্রতিবেদক টিসিবির এক পরিবেশকের সঙ্গে তাঁদের মুঠোফোনে কথা বলিয়ে দেন। পরে তাঁরা হতাশ হয়ে বাড়ি ফিরতে শুরু করেন।

যেতে যেতে মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা রত্না বেগম বলতে লাগলেন, বাজারে সব জিনিসেরই দাম বেড়ে গেছে। এখানেই (টিসিবি) দাম একটু কম পেতাম বলে সকাল থেকে এখানে বসে থাকতাম। কষ্টের মধ্যেও এখান থেকে তেল, ডাল ও চিনি কিনে দিন চলে যাচ্ছিল। কিন্তু সুখ সইল না।

শহরের দোকান কর্মচারী মকছেদ আলী। তিনি দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন হঠাৎপাড়া এলাকায়। তিনি বলেন, দুই বছরে বেতন এক টাকাও বাড়েনি। কিন্তু সবকিছুরই দাম বেড়েছে। এখন জীবন চালাতে অনেক কষ্ট করতে হচ্ছে।

টিসিবি রংপুর কার্যালয়ের উপঊর্ধ্বতন কার্যনির্বাহী প্রতাপ কুমার বলেন, ‘২৬ ফেব্রুয়ারি এ পর্যায়ে টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম শেষ হয়েছে। নতুন আঙ্গিকে আবার শুরু হবে। তবে কবে শুরু হবে, এখনই তা ঠিক বলতে পারছি না।’