পাঁচ জাহাজে তিন হাজার কনটেইনার পণ্য রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে পণ্য রপ্তানি কার্যক্রম গতকাল রোববার থেকে পুরোদমে শুরু হয়েছে। গতকাল পাঁচটি জাহাজে রপ্তানি হয়েছে ৩ হাজার ৬০ কনটেইনার পণ্য। গত শুক্রবার কনটেইনারবাহী গাড়িমালিক-শ্রমিকদের কর্মবিরতি স্থগিত হওয়ার পর গতকাল থেকেই মূলত পণ্য রপ্তানি পুরোপুরি শুরু হয়।

মহাসড়কে গাড়িভেদে পণ্য পরিবহনের পরিসীমা বেঁধে দেওয়ার প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতিতে যায় কনটেইনারবাহী গাড়িমালিক-শ্রমিকদের সংগঠন প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গত শুক্রবার এই কর্মবিরতি ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন সংগঠনের নেতারা।

বন্দর সূত্র জানায়, কর্মবিরতি স্থগিত হওয়ার পরদিন শনিবার মাত্রা ৩৯ কনটেইনার পণ্য নিয়ে একটি জাহাজ বন্দর ছেড়ে যায়। গতকাল পাঁচটি জাহাজ ৩ হাজার ৬০ কনটেইনার বন্দর ত্যাগ করেছে।

বেসরকারি কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সচিব রুহুল আমিন সিকদার বলেন, শনিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ২ হাজার ২৯৫ কনটেইনার ডিপো থেকে বন্দরে নেওয়া হয়েছে। কর্মবিরতি স্থগিত করার পর গত দুই দিনে ডিপো থেকে বন্দরে নেওয়া হয়েছে ৩ হাজার ৭৬৪ কনটেইনার।