পাঁচ দিন পর কাল থেকে আবার করোনা পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পরীক্ষার প্রতীকী ছবি।

পাঁচ দিন বন্ধ থাকার পর ফরিদপুরে আবার শুরু হচ্ছে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ পরীক্ষা। আগামীকাল মঙ্গলবার থেকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে এ পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে।

যান্ত্রিক ত্রুটির জন্য গত বৃহস্পতিবার থেকে ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা বন্ধ হয়ে যায়। ফলে এই পাঁচ দিন ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার করোনা শনাক্তকরণ পরীক্ষা বন্ধ রয়েছে। এ সময়ে এই দুই জেলার সংগ্রহকৃত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। এ নিয়ে গত রোববার প্রথম আলোর ছয়ের পাতায় ‘তিন দিন ধরে বন্ধ আছে করোনার নমুনা পরীক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

তবে আমরা নমুনা সংগ্রহ অব্যাহত রেখেছি। মঙ্গলবার থেকে ফরিদপুর পিসিআর ল্যাব চালু হলে ওই ল্যাবে পুনরায় পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করা হবে।
ছিদ্দীকুর রহমান, সিভিল সার্জন, ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের টেকনোলজিস্ট মো. জানে আলম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ ল্যাবের পিসিআর যন্ত্রের ত্রুটি তাঁদের নজরে আসে। ওই দিন প্রথম দফা পরীক্ষা করে অধিকাংশ নমুনার ফল অকার্যকর আসে। দ্বিতীয় ও তৃতীয় দফার ক্ষেত্রেও একই ফলাফল আসায় তাঁরা যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরতে পারেন।

জানে আলম বলেন, বৃহস্পতিবারই পিসিআর মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওএমসিকে ই–মেইল করে বিষয়টি জানানো হয়। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টা থেকে ওই প্রতিষ্ঠানের দুই সদস্য রিচার্ড মালো ও তারেক আহমেদ ফরিদপুরে এসে কাজ শুরু করেন। আজ সোমবার যন্ত্রটি ঠিক হয়েছে। গতকাল রোববার পরীক্ষামূলকভাবে নমুনা পরীক্ষা করে ইতিবাচক ফল পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে আবার করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

প্রতিবারে এই পিসিআর যন্ত্রে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এ ল্যাবে দিনে গড়ে চারবার, অর্থাৎ ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এক দিনে সর্বোচ্চ ছয়বার (৫৬৪ জনের) নমুনা পরীক্ষা করা হয়েছে। আবার নমুনা না পাওয়ায় এক দিনে সর্বনিম্ন ৯ জনের পরীক্ষাও করতে হয়েছে।

ফরিদপুরে পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ তলায়। গত ২০ এপ্রিল থেকে এ ল্যাবে পরীক্ষা শুরু হয়। ওই দিন ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত ৫৭টি নমুনা পরীক্ষা করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে এ ল্যাব। প্রথম দিন একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ২২ এপ্রিল থেকে এ ল্যাবে ফরিদপুরের সঙ্গে সঙ্গে গোপালগঞ্জের নমুনাও পরীক্ষা করা শুরু হয়।

প্রতিবারে এই পিসিআর যন্ত্রে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এ ল্যাবে দিনে গড়ে চারবার, অর্থাৎ ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এক দিনে সর্বোচ্চ ছয়বার (৫৬৪ জনের) নমুনা পরীক্ষা করা হয়েছে। আবার নমুনা না পাওয়ায় এক দিনে সর্বনিম্ন ৯ জনের পরীক্ষাও করতে হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে ফরিদপুরে করোনা শনাক্তকরণ পরীক্ষা যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে যাওয়ায় যেসব নমুনা জমে গিয়েছিল, তার মধ্যে ফরিদপুরের ৩৬১টি, গোপালগঞ্জের ৭৪টিসহ মোট ৪৩৫টি নমুনা শুক্রবার পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার পর্যন্ত পাঠানো ওই নমুনার মধ্যে ২৫৪ জনের প্রতিবেদন পাওয়া গেছে।

সিভিল সার্জন বলেন, ‘আমরা নমুনা সংগ্রহ অব্যাহত রেখেছি। মঙ্গলবার থেকে ফরিদপুর পিসিআর ল্যাব চালু হলে ওই ল্যাবে পুনরায় পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করা হবে।’