পাঁচ দিন পর বেনাপোল বন্দর চালু হবে কাল
ধর্মঘটের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার কাল শনিবার থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি পুরোদমে চালু হচ্ছে। পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ও ধর্মঘট ডাকা সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে চলমান সংকট নিরসন হয়েছে।
বন্দরের ভেতরে প্রবেশ নিয়ে ভারতের পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া নতুন সিদ্ধান্তের প্রতিবাদে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠন অনির্দিষ্ট সময়ের ধর্মঘটের ডাক দেয়। পেট্রাপোল সীমান্তে পরিবহনের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিক এ ধর্মঘটে যোগ দেন। গত সোমবার থেকে ধর্মঘট শুরু হয়।
সংকট সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে চার দিন ধরে দফায় দফায় আলোচনা হয়। অবশেষে গতকাল বৃহস্পতিবার সমস্যার সমাধান হয়।
আমদানি-রপ্তানি চালুর বিষয়ে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে ধর্মঘটের কারণে দুই দেশের মধ্যে টানা চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর বৃহস্পতিবার সমস্যার সমাধান হয়েছে। ভারতের কলকাতায় উভয় পক্ষের বৈঠক শেষে চলমান সংকট নিরসন হয়েছে। গতকাল সৌজন্যমূলক এক ট্রাক পণ্য আমদানি হয়েছে। শনিবার থেকে পুরোদমে বাণিজ্য শুরু হবে।
ধর্মঘটের কারণে পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে শত শত পণ্যবাহী ট্রাক। এসব ট্রাকের বেশির ভাগেই রয়েছে বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ও পচনশীল পণ্য।
ব্যবসায়ীরা জানান, পেট্রাপোল স্থলবন্দরে নিযুক্ত নতুন ব্যবস্থাপক বিএসএফকে কাজে লাগিয়ে পরিবহনশ্রমিকদের বন্দরের ভেতরে প্রবেশে বাধা সৃষ্টি করে, যা এর আগে কখনো হয়নি। এসব হয়রানির প্রতিবাদে পেট্রাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও কয়েকটি পরিবহন সংগঠনের নেতারা ধর্মঘটের ডাক দেন।