৫ দিন বন্ধ থাকার পর হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ দিন বন্ধ থাকার পর আজ ক্লাসে ফিরেছেন সাভারের হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে
ছবি: প্রথম আলো

শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আলোচিত হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শনিবার ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে কিশোর গ্যাং আতঙ্ক এবং আরও কিছু কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি আগের চেয়ে কম বলে জানা গেছে।

এদিকে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার বিষয়ে সম্পৃক্ত থাকায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হাসান।

আরও পড়ুন

গতকাল শুক্রবার সকালে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদার মতবিনিময় সভা করেন। সেখানে পুলিশ সুপার ক্লাস চলাকালে ওই শিক্ষাপ্রতিষ্ঠান–সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক পুলিশি টহলের আশ্বাস দেন। তবে সেই প্রতিশ্রুতি মতো সকাল থেকে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সেখানে প্রভাতী (প্লে থেকে চতুর্থ) এবং দিবা (পঞ্চম থেকে দ্বাদশ)—এ দুটি শাখায় ক্লাস কার্যক্রম পরিচালিত হয়। আজ প্রভাতী শাখার ক্লাস সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। দিবা শাখার ক্লাস সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। আজ প্রভাতী শাখায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৫৩ শতাংশ এবং দিবা শাখায় উপস্থিতি ছিল ৬০ শতাংশ।

শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনার বিষয়ে সম্পৃক্ত থাকায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ সাইফুল হাসান।

সকাল ১০টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সরেজমিন দেখা যায়, প্রভাতী শাখার শিক্ষার্থীরা ক্লাস করছে। কয়েকজন শিক্ষক প্রতিষ্ঠানের মূল ফটকে দাঁড়িয়ে আছেন। এ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বেশ কয়েকজন শিক্ষক প্রতিষ্ঠানটি সংলগ্ন বিভিন্ন সড়কে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে টহল দিচ্ছেন। আশপাশের কয়েকটি সড়কে ঘুরে কিশোরদের কোনো জটলা চোখে পড়েনি। তবে পুলিশি টহল না থাকায় অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী ভয়ের কথা জানিয়েছেন।

আরও পড়ুন

দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী তামান্না আক্তার প্রথম আলোকে বলে, স্কুলে আসতে কোনো সমস্যায় পড়তে হয়নি। পথে যেসব মোড়ে বখাটেদের থাকতে দেখা যেত, আজ আসার সময় সেসব স্থানে তাদের দেখা যায়নি। তবে স্কুলের আশপাশে পুলিশ থাকলে ভালো হতো। তাহলে কেউ স্কুলে আসতে আর ভয় পেত না।

বেলা ১১টার দিকে শিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, আজ পুলিশের একটি টহল টিম সকাল থেকে প্রতিষ্ঠানটির সামনে থাকার কথা থাকলেও পুলিশ তখনো আসেনি। তিনি বলেন, ‘শিক্ষক হত্যার ঘটনায় গ্রেপ্তার আশরাফুল ইসলাম জিতুর সহযোগীদের তো এখনো চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি। এ ক্ষেত্রে তো এখনো আমরা আমাদের নিরাপদ বলতে পারি না।’

আরও পড়ুন

তবে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আশুলিয়া পুলিশের একটি দল আসে। বিলম্বের বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় যানজট থাকার কারণে যথাসময়ে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। ক্লাস চলাকালে আমাদের সার্বক্ষণিক টহল থাকবে।’

অধ্যক্ষ সাইফুল হাসান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনার পর অনেক অভিভাবক নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আন্দোলনের সময়ে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ায় ক্লাসে আজ উপস্থিতি কম। এ ছাড়া সামনে ঈদ। নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে দেওয়া আশ্বাসটিও যথাসময়ে রক্ষা করা হয়নি। আমাদের নিজেদেরই টহল দিতে হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা শিক্ষক হত্যার ঘটনার বিষয়ে সম্পৃক্ত থাকায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছি।’

আরও পড়ুন

এদিকে দুপুর একটার দিকে কলেজের মূল ফটকের সামনের সড়কে নিহত শিক্ষক উৎপল কুমার সরকারের স্মরণে ৫ মিনিট প্রতীকী মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরই ছুটি দেওয়া হয়।