পাঁচ দিনের সরকারি সফরে রোববার কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি
পাঁচ দিনের সরকারি সফরে আগামীকাল রোববার কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরকালে তিনি নিজ উপজেলা হাওরের মিঠামইনসহ অষ্টগ্রাম, ইটনা ও কিশোরগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির সফরের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, ২৭ মার্চ বিকেলে ঢাকা থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছাবেন তিনি। বিকেল সাড়ে চারটায় মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। ওই দিন সন্ধ্যা সাতটায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। এদিন মিঠামইনের কামালপুরের বাড়িতে রাতযাপন করবেন।
৩১ মার্চ বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
২৮ মার্চ বেলা ১১টায় মিঠামইনে ও সাড়ে ৩টায় ইটনা উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে মতবিনিময়ে অংশ নেবেন। এদিন মিঠামইনে নিজ বাড়িতে রাতযাপন করবেন রাষ্ট্রপতি।
২৯ মার্চ বেলা ১১টায় মিঠামইনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও ৩টায় মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেল ৫টায় যাবেন অষ্টগ্রামে। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টায় মতবিনিময় করবেন তিনি।
৩০ মার্চ বেলা তিনটায় কিশোরগঞ্জ জেলা সদরে যাবেন রাষ্ট্রপতি। এদিন বিকেল পাঁচটায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণকাজের উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে সন্ধ্যা পৌনে সাতটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেবেন।
সফর শেষে ৩১ মার্চ বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।