পাঁচ পলাতক আসামির পক্ষে হাজিরা দিতে গিয়ে ধরা খেলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক আসামিদের পক্ষে আদালতে হাজিরা দিতে গিয়ে ফেঁসে গেছেন পাঁচ ব্যক্তি। আদালতের নির্দেশে তাঁদের ময়মনসিংহের কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের নামে গতকাল বুধবার রাতে মামলা করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ওই পাঁচজন হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের ইন্দারগাতী গ্রামের বাসিন্দা ওয়ালি উল্লাহ (২৬), রফিকুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৩০) ও নুরুল্লাহ (২৮) এবং পাশের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সোহেল মিয়া (৩০)।

আদালত সূত্রে জানা যায়, গতকাল ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম নান্দাইল মডেল থানায় হওয়া একটি মামলার পাঁচ পলাতক আসামির জামিন শুনানি করছিলেন। আসামিরা তখন আদালতে কাঠগড়ায় হাজির ছিলেন। এ সময় এক আসামির নাম ডাকা হলে একাধিক ব্যক্তি হাত তুলে সাড়া দেন। পরে আসামিদের নাম–ঠিকানা ও বয়স উল্লেখ করে নাম ডাকা হলে কাঠগড়ায় উপস্থিত আসামিরা অসংলগ্ন উত্তর দিতে থাকেন।

এ ঘটনায় বিচারকের মনে সন্দেহ দেখা দিলে আসামিপক্ষের আইনজীবীকে বিকেল পাঁচটার মধ্যে আসামিদের জাতীয় পরিচয়পত্র উপস্থাপনের নির্দেশ দেন। অন্যদিকে কাঠগড়ায় উপস্থিত আসামিদের ওই সময় পর্যন্ত গারদে আটক রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিরা জাতীয় পরিচয়পত্র উপস্থাপনে ব্যর্থ হন। পরে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আদালতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক আসামিদের পক্ষে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, গত ২৬ এপ্রিল ইন্দারগাতী গ্রামের একটি মারামারির ঘটনায় নান্দাইল মডেল থানায় মামলা করেন ফজলুর রহমান নামের এক ব্যক্তি। ওই মামলায় ১৫ জনকে আসামি করা হয়। ২৬ জুন আদালতে হাজির হয়ে ১০ আসামি জামিন নেন। বাকি পাঁচজন পলাতক।