পাঁচ বছর অপেক্ষার পর একসঙ্গে পাঁচ সন্তান, কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

একটি সন্তানের জন্য পাঁচ বছরের অপেক্ষা শেষে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করলেন মা, কিন্তু তাঁকে মা বলে ডাকার কেউ রইল না। তারা পাঁচজনই মারা গেছে। আজ বৃহস্পতিবার ওই পাঁচ সন্তানের মধ্যে একজন বাড়িতে এবং  চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নিয়েছিল।

এই মায়ের নাম জেসমিন খাতুন (২৪)। তাঁর স্বামীর নাম শহিদুল ইসলাম। তিনি নির্মাণশ্রমিক। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কাবাতুল্লাহ মোল্লাটল্লা গ্রামে।

জেসমিন গর্ভধারণ করছিলেন না বলে চিকিৎসাও করিয়েছেন। পাঁচ বছর পর জেসমিন গর্ভধারণ করেন, কিন্তু তাঁর পাঁচটি সন্তানের একটিও বাঁচেনি। সবই ‘প্রি-ম্যাচিউরড বেবি’।

বৃহস্পতিবার দুপুরে বাড়িতেই সাড়ে চার মাসের একটি বাচ্চার জন্ম দেন জেসমিন (২৪)। এরপর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে আরও চারটি বাচ্চার জন্ম দেন জেসমিন।
এরপর জেসমিনকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়। চারটি বাচ্চাকে রাখা হয় ২৪ নম্বর ওয়ার্ডের একটি ইনকিউবেটরে। বেঁচে থাকার কোনো আশা না থাকলেও বাচ্চাদের ইনকিউবেটরে রাখা হয়। তার পাশেই জেসমিনের মা ফুলসন বেগম বসে ছিলেন। বাচ্চাদের দেখতে ভিড় করেন অন্য রোগীদের স্বজনেরা। ওই সময়ে একজন চিকিৎসক চারটি বাচ্চাকে মৃত ঘোষণা করেন।

ফুলসন বেগম জানান, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ছয়রশিয়া গ্রামে। পাঁচ বছর আগে কাবাতুল্লাহ মোল্লাটল্লা গ্রামে মেয়ের বিয়ে দেন। এবারই প্রথম গর্ভধারণ করেছিলেন তাঁর মেয়ে। বাড়িতে প্রথমে তাঁর একটি মেয়েসন্তান হয়। সেটি বাড়িতেই মারা যায়। এরপর হাসপাতালে নেওয়ার পর চারটি ছেলে সন্তান হয়েছিল।

হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রাফিদ মোস্তফা বলেন, মাত্র সাড়ে চার মাস বয়স হয়েছিল বাচ্চাদের। তাদের কোনোভাবেই বাঁচানো সম্ভব ছিল না। বেলা তিনটার দিকে অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর বাচ্চারা মারা যায়।