পাঁচ বছরেও সম্পন্ন হয়নি প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

নিজ দলের প্রভাবশালী নেতারা এ মামলার আসামি হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলে অভিযোগ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত রকিবুল ইসলাম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদ হত্যার প্রায় সাড়ে পাঁচ বছর পরেও মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়নি। এ মামলার প্রথম সাক্ষী হিসেবে বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু লম্বা লম্বা বিরতি দিয়ে মামলার তারিখ পড়ছে। বাকি সাক্ষীদের সাক্ষ্য কবে নেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তায় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা। রকিবুলের নিজ দলের প্রভাবশালী নেতারা এ মামলার আসামি হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। তাঁরা দ্রুত এ মামলার নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ ডিসেম্বর ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলা কাটা লাশ তাঁর নিজ গ্রাম বারই মধ্যপাড়ার একটি পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর তাঁর ছোট ভাই ফজলুল করিম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। এর কয়েক দিন পর ফজলুল করিম সাতজন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে আদালতে আরও একটি মামলার আবেদন করেন। আদালত দুটি অভিযোগ একসঙ্গে তদন্তের জন্য পুলিশকে আদেশ দেন।

মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তিতে বের হয়ে আসে, এ হত্যাকাণ্ডের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা জড়িত। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ ২০১৮ সালের ৫ মার্চ আদালতে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

বর্তমানে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। এর মধ্যে মামলার অন্যতম দুই আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ ওরফে ভোলা ও সদস্য অলোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মারা গেছেন (স্বাভাবিক মৃত্যু)। বাকি ১৬ আসামির মধ্যে ১৫ জন জামিনে মুক্ত আছেন। একমাত্র আসামি শওকত হোসেন ওরফে সৈকত কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানায়, গত ২ মার্চ এ মামলার বাদীর সাক্ষী গ্রহণ করা হয়েছে। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, বাদীর সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত রয়েছে। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের তারিখ দিয়েছেন আদালত।