পাঁচ বছরের মধ্যে খারাপ ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত পড়াশোনা ও পরিশ্রমের স্বীকৃতি মিলেছে পরীক্ষার ফলে। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীর উল্লাস। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রাম কলেজ থেকে তোলা l সৌরভ দাশ
নিয়মিত পড়াশোনা ও পরিশ্রমের স্বীকৃতি মিলেছে পরীক্ষার ফলে। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীর উল্লাস। ছবিটি গতকাল দুপুরে চট্টগ্রাম কলেজ থেকে তোলা l সৌরভ দাশ

পাঁচ বছরের মধ্যে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল সবচেয়ে খারাপ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। মানবিক বিভাগে অর্ধেকের বেশি শিক্ষার্থী পাস করতে না পারা, তিন পার্বত্য জেলার পরীক্ষার্থীদের ফল খারাপ হওয়া এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ভালো করতে না পারা—এই তিন কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার কমেছে।

এ ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন (বহু নির্বাচনী অংশে ১০ নম্বর কমিয়ে সৃজনশীল অংশে ১০ নম্বর বাড়ানো) এবং বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা প্রথম পত্রের প্রশ্ন কঠিন হওয়ায় এবার জিপিএ-৫-এর সংখ্যা কমেছে। বোর্ডের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এ বছর চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬১ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৯১ জন। গত বছর পাসের হার ছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ২৫৩ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০১৪ ও ২০১৫ সালে পাসের হার ছিল যথাক্রমে ৭০.০৬ ও ৬৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন যথাক্রমে ২ হাজার ৪৪৬ ও ২ হাজার ১২৯ জন। ২০১৩ সালে পাসের হার ছিল ৬১ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৭৭২ জন।

বোর্ড সূত্র জানায়, এবার ২৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮৩ হাজার ২২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৩৪৭ জন। ছাত্রী পাস করেছেন ২৫ হাজার ৬৩১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৬২৪ জন। ছাত্র পাস করেছেন ২৪ হাজার ৭১৬ জন এবং জিপিএ-৫ পান ৭৬৭ জন।

এবার পুরো বোর্ডের মধ্যে শতভাগ পাস করা একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৫৫ পরীক্ষার্থী)।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তিন বিভাগের মধ্যে শুধু বিজ্ঞানে পাসের হার বেড়েছে। মানবিক বিভাগে অংশ নেওয়া ৩১ হাজার ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৮১৫ জন। পাসের হার ৪৭ দশমিক ৪৯ শতাংশ। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। গতবার এই বিভাগে পাসের হার ছিল ৫১ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৫৫ জন।

বিজ্ঞান বিভাগে গতবার পাসের হার ছিল ৭৬ দশমিক ৯৬ শতাংশ। এবার পাস করেছেন ৭৭ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৯ জন। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে চলতি বছর পাসের হার ৬৫ দশমিক ৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পান ২৭৮ জন। গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৮৫ শতাংশ।

আইসিটিতে গতবার পাসের হার ছিল ৮৯ দশমিক ১৪ শতাংশ, কিন্তু এবার পাস করেছেন ৮২ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া মানবিক বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটি বিষয়ে তুলনামূলকভাবে খারাপ করেছেন। মানবিক বিভাগে আইসিটি বিষয়ে পাসের হার ৭১ দশমিক ০৬ শতাংশ। সেখানে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ৯৭ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী।

গণিত ও বিজ্ঞানে দুর্বলতার কারণে মানবিক বিভাগের শিক্ষার্থীরা আইসিটি বিষয়ে খারাপ করছেন বলে মনে করেন চট্টগ্রাম কলেজের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, আইসিটি বিষয়টি সম্পূর্ণ বিজ্ঞান ও গণিতভিত্তিক।

ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে তুলনামূলক কম পাস করেছেন মানবিকের শিক্ষার্থীরা। এই দুটি পত্রে মানবিকের পাসের হার যথাক্রমে ৬৪ দশমিক ৩১ ও ৪৭ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার মধ্যে সব কটিতে পাসের হার কমেছে। এর মধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পাসের হার যথাক্রমে ৪৫ দশমিক ৯৯, ৫৫ দশমিক ২২ ও ৪৪ দশমিক ৬৩ শতাংশ। গতবার এই হার ছিল যথাক্রমে ৪৭ দশমিক ১৪ শতাংশ, ৬১ দশমিক ৬৪ ও ৫১ দশমিক ৭০ শতাংশ। এই তিনটি জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন। চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় পাসের হার ৭৬ দশমিক ৬৮ ও ৫৫ দশমিক ৩২ শতাংশ।

কলেজশিক্ষক, অভিভাবক ও বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, তিন পার্বত্য জেলার কলেজগুলোতে পর্যাপ্ত এবং দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাব রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা নেই। আর্থসামাজিকভাবেও তিন পার্বত্য জেলা পিছিয়ে রয়েছে। সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরও সংকট রয়েছে। সমতলের শিক্ষার্থীরা যে ধরনের সুযোগ-সুবিধা পায়, পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীরা তা পায় না। এসব কারণে বারবার পাবলিক পরীক্ষার ফলে পিছিয়ে পড়ছে পার্বত্য জেলাগুলো। এর প্রভাব পড়ছে চট্টগ্রাম বোর্ডের সামগ্রিক ফলাফলে।

পার্বত্য জেলাগুলোতে শিক্ষার মান ও পাসের হার বাড়াতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী।