পাঁচ বছরের শিশুকে হত্যা–ধর্ষণের ঘটনায় আদালতে আসামির স্বীকারোক্তি
নোয়াখালীর চাটখিলে ১০ দিন আগে নিখোঁজ হওয়া এক শিশুর (৫) বস্তাবন্দী লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি শাহাদাত হোসেন (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গূহ ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দিতে আসামি শাহাদাত হোসেন স্বীকার করেন, পাঁচ বছরের ওই শিশুকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে শ্বাস রোধ করে হত্যা করেন তিনি। হত্যার পরও শিশুটিকে ধর্ষণ করা হয়। এরপর পাশের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখা হয়। জবানবন্দি গ্রহণ শেষে শাহাদাতকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন আসামির জবানবন্দি গ্রহণের তথ্য নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, শাহাদাত স্বীকারোক্তিতে বলেছেন, নির্যাতনের শিকার শিশুটি তাঁর আত্মীয়। তিনি ঘটনার দিন (২৪ মার্চ) বেলা দেড়টার দিকে বাড়ির সামনে থেকে ডেকে তাঁর ঘরে নিয়ে যান। সেখানে অন্য কেউ ছিল না।
আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, শাহাদাত শিশুটির মুখ ও হাত-পা চেপে ধরে ধর্ষণ করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দেয়। তখন শিশুটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে তার নাক-মুখ চেপে ধরে হত্যা করেন। হত্যার পরও তাকে ধর্ষণ করা হয়। এরপর লাশ বস্তায় ভরে ওই কক্ষের খাটের নিচে লুকিয়ে রাখেন। সন্ধ্যার দিকে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখেন।
পুলিশ জানায়, নিখোঁজের ঘটনার ১০ দিনের মাথায় সন্দেহভাজন হিসেবে শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ধর্ষণ, হত্যা ও লাশ গুম করার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর বাড়ি উপজেলার বদলকোট ইউনিয়নের একটি গ্রামে। নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর আজ রোববার বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। লাশ উদ্ধারের পর থেকে শিশুটির বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যদের আহাজারি থামাতে পারছেন না প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা।
শিশুটির বাবা আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ‘আমি আমার মেয়ের হত্যাকারী শাহাদাতের ফাঁসি চাই। আইনের ফাঁকফোঁকরে যাতে সে কয়েক দিন পর ছাড়া না পায়। সে ছাড়া পেলে এভাবে আরও ঘটনা ঘটাবে। কারণ সে এমনিতে খারাপ প্রকৃতির।’