পাঁচ মামলা কাঁধে নিয়েও নির্বিঘ্নে ইয়াবার কারবার
কাঁধে পাঁচটি মামলা। এর মধ্যে মাদক আইনে তিনটি, দুটি অস্ত্র আইনে। মামলা সত্ত্বেও ইয়াবার কারবারে সক্রিয় তিনি। আজ শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুরের কয়েছ আহমদ ওরফে ল্যাংড়া কয়েছকে (৫০) তাঁর এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় কয়েছের কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার কয়েছের সঙ্গে তাঁর সহযোগী পলাশ মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে একটার সময় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল হোসাইন ও মো. আবু খালেদ মামুনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল দক্ষিণ সুরমা থানার পিরোজপুর আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েছ ও পলাশকে ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। দক্ষিণ সুরমা থানায় নিয়ে অপরাধ খতিয়ে দেখতে গিয়ে কয়েছের বিরুদ্ধে এর আগে আরও পাঁচটি মামলার তথ্য পায়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ জানিয়েছেন, পর্যালোচনায় কয়েছের বিরুদ্ধে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা ও শাহপরান থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দক্ষিণ সুরমা থানায় ২০১০ সালের ১৮ আগস্ট অস্ত্র আইনে দুটি, একই থানায় ২০১৯ সালের ১৪ জুন ও ২০১৮ সালের ৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং শাহপরান থানায় ২০১৯ সালের ২৩ মার্চ মাদকদ্রব্য আইনে আরও একটি মামলা রয়েছে।