আক্কেলপুর পৌর শহর
পাঁচ মাসেও কাজ শুরু হয়নি
প্রায় আধা কিলোমিটার দীর্ঘ সড়কটির পিচঢালাই পাঁচ মাস ধরে তুলে রাখা হয়েছে। ভাঙা সড়ক দিয়ে ভোগান্তি নিয়ে চলছে মানুষ।
পাঁচ মাস ধরে আটকে আছে জয়পুরহাটের আক্কেলপুর শহরের রেলস্টেশন সড়কের সংস্কারকাজ। সড়কটি সংস্কারের জন্য আগের সড়কের পিচঢালাই তুলে ফেলা হয়েছে। নর্দমার পাটাতনও (স্ল্যাব) ভেঙে ফেলা হয়েছে। এ অবস্থায় শহরের গুরুত্বপূর্ণ প্রায় আধা কিলোমিটার সড়কটিতে ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সড়কের পিচঢালাই তুলে ফেলা হয়েছে। সড়কের এক পাশে নালা। নালার ওপর পাটাতন নেই। নালা ভরে আছে আবর্জনায়। সেখান থেকে বের হচ্ছে দুর্গন্ধ। সড়কের পাশে থাকা দোকানে আসা-যাওয়া করতে ব্যবসায়ীরা কাঠের তক্তা বিছিয়ে রেখেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কাজ ভালোভাবে শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। নালা উন্মুক্ত থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। খুঁড়ে রাখা সড়কে ধুলাবালু উড়ছে। আবার সামান্য বৃষ্টিতে কাদায় ভরে যাচ্ছে। এতে লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাঁরা রোজার আগেই সড়ক ও নালা সংস্কারের কাজ শেষ করার দাবি জানান।
আদর্শ ক্লাব সড়কের রনি মোবাইল প্লাসের মালিক মতিউর রহমান বলেন, রেলওয়ে স্টেশন সড়কে বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এই সড়কে অসংখ্য যানবাহন ও ট্রেনযাত্রী চলাচল করে। পাঁচ মাস ধরে সড়কের পাশে নালার পাটাতন উঠিয়ে রাখা হয়েছে। কিছুদিন আগে রেলস্টেশন সড়কের একটি মুদিখানার দোকানে কেনাকাটা করতে গিয়ে তাঁর বাবা মোজাফ্ফর হোসেন নালায় পড়ে আহত হয়েছিলেন। প্রায় প্রতিদিন সড়কের পাশে এ রকম দুর্ঘটনার কথা জানতে পারছেন। অথচ পৌর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
রেল কলোনির বাসিন্দা সাবের রেজা বলেন, ‘পৌরসভার মেয়র এক মাসের মধ্যে সড়ক সংস্কার ও বর্ধিতকরণের কাজ শেষ হওয়ার কথা আমাদের বলেছিলেন। প্রায় পাঁচ মাস হতে যাচ্ছে, সড়কের কাজের কোনো অগ্রগতি নেই।’
স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘আমার দোকান ঘেঁষে নালা গেছে। সড়ক প্রশস্তকরণের নামে নালার স্ল্যাব উঠিয়ে রাখায় লোকজন নালায় পড়ছে। নালায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে দোকানে বসে থাকা অসহ্য হয়ে পড়ছে। নালার কারণে আমরা সড়কের এক পাশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ সংস্কারকাজ করা হচ্ছে। ৪১০ মিটার আক্কেলপুর রেলস্টেশন সড়ক সংস্কারের বরাদ্দ ৮৩ লাখ ৮৬ হাজার টাকা। এ কাজটি পায় নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মণ্ডল ট্রেডার্স। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ২১ মে চুক্তি করে। ছয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু আড়াই বছরেও কাজ শেষ হয়নি। চুক্তির পর কয়েক দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত রয়েছে। গত অক্টোবর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সড়কের কাজ শুরু করেন। এরপর ঠিকাদার কাজ বন্ধ রেখে চলে যান।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রইচ উদ্দীন মিঞা বলেন, রেলস্টেশন সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মণ্ডল ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর আলম মণ্ডল বলেন, সড়কের কাজের ইট, বালু ও রড কাজের জায়গাতেই রাখা আছে। দ্রুত কাজ শুরু করা হবে।
আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী বলেন, রেলস্টেশন সড়কের কাজ দ্রুত শেষ করার কথা থাকলেও ঠিকাদার তা করতে পারেননি। ঠিকাদার নালার স্ল্যাব আগেই উঠিয়েছেন। এ কারণে নালা খোলা থাকায় লোকজন নালায় পড়ছে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বারবার তাগাদা দিচ্ছেন।