পাঁচ শতাধিক স্কুল বন্ধ রেখে সংবর্ধনা মহীউদ্দীন খানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ৫২৫টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে সংবর্ধনা দেওয়া হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উপদেষ্টা মহীউদ্দীন খান আলমগীরকে। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে তাঁকে একটি সোনার তৈরি নৌকার ব্যাজ এবং সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
জেলা শহরের মুক্তির মোড়ের নওজোয়ান মাঠে গতকাল সোমবার মহীউদ্দীন খানকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন-বিষয়ক এক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। প্রায় সারা দিন চলে এ সংবর্ধনা ও আলোচনা সভার অনুষ্ঠান।
প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি নওগাঁ জেলা শাখা এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। সরকারি স্কুল হিসেবে নতুন নিবন্ধিত হওয়া জেলায় ওই স্কুলগুলোর প্রায় ২ হাজার শিক্ষক-কর্মচারী এ অনুষ্ঠানে অংশ নেন।
এ বিষয়ে শিক্ষক-কর্মচারীরা জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে সংরক্ষিত ছুটি ব্যবহার করে তাঁরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে প্রাথমিক সমাপনী পরীক্ষার আগে এভাবে স্কুল বন্ধ রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক শিক্ষার্থীর অভিভাবক। তাঁরা বলেন, ২২ নভেম্বর থেকে সমাপনী পরীক্ষা হওয়ার কথা। এ সময় একসঙ্গে এত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত অবিবেচকের। এতে ছেলেমেয়েদের লেখাপড়ার ওপর খারাপ প্রভাব পড়বে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে দুই দিন সংরক্ষিত ছুটি থাকে। তাঁরা সেই ছুটি ব্যবহার করে বিদ্যালয় বন্ধ রেখেছেন। এটা নিয়মবহির্ভূত হয়নি।’ তিনি আরও বলেন, এ সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা সরকারি কোনো কর্মসূচি ছিল না। এটি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নিজস্ব কর্মসূচি ছিল।
জানতে চাইলে জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, ‘আমার জানা মতে, শিক্ষকেরা সংরক্ষিত ছুটি ব্যবহার করে অনুষ্ঠানে এসেছেন। বিদ্যালয় বন্ধ রাখায় শিক্ষার্থীদের পড়ালেখায় খারাপ প্রভাব পড়লেও এই আলোচনা সভা ভবিষ্যতে শিক্ষক-কর্মচারীদের কাজে লাগবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি নওগাঁ শাখার সভাপতি আবদুর রউফ। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল মালেক, সাধারণ সম্পাদক সাংসদ সাধনচন্দ্র মজুমদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব মনছুর আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলার ১১টি উপজেলার শিক্ষা কর্মকর্তারা।