পাঁচবিবিতে অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র আনতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ।
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র আনতে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে পরে ভয়ভীতি দেখিয়ে অর্থের বিনিময়ে আপসরফা করতে বাধ্য করেছেন স্থানীয় ইউপি সদস্য (৩৫) ও এক কৃষক লীগ নেতা। এ অভিযোগ ওই ছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় প্রধান আসামি ওই দপ্তরি মেহেদী হাসান (৩০) ও ইউপি সদস্য রাশেদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অপর আসামি পাঁচবিবি উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আলীমুজ্জামান ওরফে বাবুল (৪৫) পলাতক। গ্রেপ্তার দুজনকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী তাদের বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মেহেদী হাসানের বাড়িতে অ্যাসাইনমেন্ট পরীক্ষার প্রশ্নপত্র আনতে যায়। এ সময় দপ্তরি মেহেদীর বাড়িতে তাঁর মা-বাবা কেউ ছিলেন না। এ সুযোগে দপ্তরি মেহেদী ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে ওই ছাত্রীর মা-বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার দেন।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম ও উপজেলা কৃষক লীগ নেতা আলীমুজ্জামান বাবুল ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে চাপ দিয়ে টাকার বিনিময়ে আপসরফা করতে বাধ্য করেন।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম ও উপজেলা কৃষক লীগ নেতা আলীমুজ্জামান বাবুল অভিযুক্ত দপ্তরি মেহেদীর কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেন। পরে ভুক্তভোগী ছাত্রীর পরিবারকে চাপ দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে টাকার বিনিময়ে আপসরফা করতে বাধ্য করেন। তাঁরা ভুক্তভোগী পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার কথা বলে অভিযুক্ত মেহেদীর কাছ থেকে ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রেখে দেন। ওই ছাত্রীর পরিবার কোনো টাকাপয়সা পায়নি। এ ঘটনায় সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, নৈশপ্রহরী কাম দপ্তরি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন। পরে ইউপি সদস্যসহ অন্যরা ঘটনাটি আপসরফার জন্য চাপ দেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। পুলিশ প্রধান আসামি নৈশপ্রহরী ও স্থানীয় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।