পাঁচবিবিতে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
জয়পুরহাটের পাঁচবিবিতে এক ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর ইজিবাইকটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচবিবি-বেড়াখাই সড়কের ছালাখোর এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মনোয়ারুল ইসলাম (২৫)। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
পাঁচবিবি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ছালাখোর এলাকার বাসিন্দারা ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধারের খবর পেয়ে মনোয়ারুলের স্বজনেরা ঘটনাস্থলে যান। তাঁরা লাশটি মনোয়ারুলের বলে শনাক্ত করেন।
স্বজনেরা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাত আটটার পর মনোয়ারুল মুঠোফোনে সর্বশেষ তাঁর শ্বশুরের সঙ্গে কথা বলেন। তখন তিনি শ্বশুরকে জানিয়েছিলেন, তিনি ঘোড়াঘাট থেকে দুই কাপড় ব্যবসায়ীকে নিয়ে হিলিতে এসেছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা মনোয়ারুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর ইজিবাইক নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রীবেশে তাঁর ইজিবাইকে উঠেছিলেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।