পাঁচবিবিতে ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীর মাইক্রোবাস ভাঙচুর
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদের মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে রসুলপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন বলেন, মামুনুর জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ বলেন, তিনি সকাল থেকে ভাড়া করা একটি মাইক্রোবাস নিয়ে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখছিলেন। বেলা পৌনে ১১টার দিকে তিনি রসুলপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল আলমের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর মাইক্রোবাসটি ভাঙচুর করেন। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে টহলরত ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন। তাঁর অভিযোগ, কোনো কেন্দ্রেই সুষ্ঠু ভোট হচ্ছে না। সরকারদলীয় লোকজন সব কেন্দ্রে প্রভাব বিস্তার করে রেখেছেন।
আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী জাহিদুল আলম বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন নিজেরাই এ ঘটনা ঘটিয়েছেন। এখন তাঁর দোষ দিচ্ছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ আমাকে ঘটনাটি জানিয়েছেন। বিষয়টি দেখা হচ্ছে’।