পাঁচবিবিতে মিলাদের খাবার খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ৫১
জয়পুরহাটের পাঁচবিবিতে মিলাদের খাবার খেয়ে শিশুসহ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫১ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। উপজেলার বেলখুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা বজলুর রহমানের মৃত্যুর পর তাঁর স্বজনেরা গত শুক্রবার বেলখুর জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেন। মিলাদ শেষে তবারক হিসেবে পোলাও বিতরণ করা হয়। মিলাদের খাবার খাওয়ার পর থেকে অনেকেরই পেটে ব্যথা শুরু হয়। তখন গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে কেউ তেমন পাত্তা দেননি। এরপর শনিবার সকাল থেকে বেশ কয়েকজনের পেটে তীব্র ব্যথা, পাতলা পায়খানা ও বমি শুরু হয়।
ওই গ্রামের সুজন নামের এক তরুণ বলেন, ‘মিলাদের পোলাও গন্ধ করছিল। তারপরও আমরা খেয়েছি। এরপর থেকে পেটব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ বোধ করছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী জানান, মিলাদের খাবার খেয়ে আজ বিকেল পর্যন্ত ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই খাবার খেয়ে আক্রান্ত আরও ৪২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। মিলাদের খাবার থেকে বিষক্রিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, একজন মৃত ব্যক্তির স্বজনেরা মিলাদের আয়োজন করেছিলেন। সেই মিলাদের খাবার খেয়ে সবাই অসুস্থ হয়েছেন।