পাঁচবিবিতে মোটরসাইকেল-ট্রাক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মোটরসাইকেল, ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মাহবুবুর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার পাঁচবিবি-জয়পুরহাট সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনাজপুরের হিলি থেকে একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে পাঁচবিবি উপজেলার দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলটি। বেলা ১১টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের শিমুলতলী এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পাঁচবিবি-জয়পুরহাট সড়কের শিমুলতলী এলাকায় ট্রাক, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।