পাঁচবিবির আওলাই ইউপিতে নির্বাচন কাল, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আগামীকাল বুধবার। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। তবে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একরামুল হক চৌধুরী অভিযোগ করছেন, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম হোসেন ও তাঁর কর্মী-সমর্থকেরা ভোটারদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা রয়েছে। তবে আওয়ামী লীগের প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আওলাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এস এম ইব্রাহিম হোসাইন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী একরামুল হক চৌধুরী (মোটরসাইকেল) ও তাঁর স্ত্রী মোছা. নিলুফা আক্তার লিপি (রজনীগন্ধা ফুল), বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক মন্ডল (ঘোড়া), ওবায়দুর রহমান আলম (চশমা), সোহেল ফকির (টেলিফোন) ও আজিজুল হক ওরফে ঠান্ডা (আনারস)।

সপ্তম ধাপে গত ৭ ফেরুয়ারি আওলাই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভোটের আগের দিন ৬ ফেরুয়ারি বিকেলে ভোটের সরঞ্জাম, নির্বাচন-সংশ্লিষ্ট লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে পৌঁছার পর রাতে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন আওলাই ইউপির ভোট স্থগিত করে।

পরে পুরোনো তফসিলে নির্বাচন কমিশন চলতি মাসের শুরুতে আবার ১৫ জুন আওলাই ইউপির নির্বাচনের তারিখ ঘোষণা করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের নির্দেশে প্রার্থীরা নতুন করে আর পোস্টার টাঙাননি। এ ইউনিয়নের ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৫৫। গতকাল সোমবার নির্বাচনী এলাকা ঘুরে কোথাও নতুন পোস্টার চোখে পড়েনি। তবে আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম হোসেন ও বিদ্রোহী একরামুল হক চৌধুরীকে এলাকায় গণসংযোগ করতে দেখা গেছে।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ ফেরুয়ারি নির্বাচনের আগে সবার মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল। তবে নির্বাচন স্থগিত হওয়ার পর নতুন করে নির্বাচন হওয়ায় এখন আর সেই উৎসাহ নেই। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ থাকলে, তাঁরা ভোট দিতে যাবেন।

ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে পাইকর দাড়িয়া গ্রামের বুলু মন্ডল বলেন, ‘আশপাশের অনেককে হুমকি দিচ্ছে শুনেছি। তাই আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব কি না, তা নিয়ে সন্দেহে আছি।’

বিদ্রোহী প্রার্থী একরামুল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের ইব্রাহিম হোসেন নিজে ও তাঁর কর্মী-সমর্থকদের দিয়ে আমার সমর্থকসহ সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। ভোট সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু প্রশাসনের তেমন তৎপরতা দেখতে পাইনি। এখন ভোটের দিনে প্রশাসনের ভূমিকা দেখার অপেক্ষায় আছি।’

বিদ্রোহী প্রার্থীর কর্মী–সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী ইব্রাহিম হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ সত্য নয়। বরং বিদ্রোহী প্রার্থী ও তাঁর লোকজনই আমাকে ও আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন। আমি সরকারদলীয় প্রার্থী। এ কারণে সব সহ্য করছি।’

আওলাই ইউপির নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা করছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা। তিনি বলেন, আওলাই ইউপির নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। সুতরাং প্রার্থী বা ভোটারদের উদ্বেগের কোনো কারণ নেই।

জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বলেন, আগে একসঙ্গে অনেকগুলো ইউপির নির্বাচন হয়েছে। এখন জেলাজুড়ে একটি মাত্র ইউনিয়ন পরিষদের নির্বাচন। তখন যদি অবাধ–সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এখন এটা আরও সহজ হবে।