পাইকপাড়ায় ডিশ ব্যবসায়ী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পাইকপাড়ায় চাঁদা না দেওয়ায় মনিরুজ্জামান (২৩) নামের এক ডিশ সংযোগ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় মনিরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিত্সাধীন মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ১২৯ মধ্য পাইকপাড়ায় তাঁর ডিশ সংযোগের প্রতিষ্ঠান আছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল দুর্বৃত্ত তাঁর ডিশ সংযোগের প্রতিষ্ঠানে এসে এক লাখ টাকা চাঁদা চায়। চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে টেনে হিঁচড়ে রাস্তায় নামায়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে মনিরুজ্জামানের বলেন, কিছুদিন ধরে কবিরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেয়। তিনি নিরাপত্তাহীনতায় চার দিন আগে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে গেলে তিনি তাঁকে আশ্বাস দিয়ে বলেছেন, ‘বিষয়টি আমি দেখব, মিট করে দেব।’ কিন্তু পুলিশ কিছুই করেনি তার জন্য।
জানতে চাওয়া হলে মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, তিনি মনিরুজ্জামানকে মিট করে দেওয়ার কোনো কথা বলেননি। জিডি হওয়ার পর তিনি থানার দুটি দল পাঠিয়েছেন। মনিরুজ্জামানের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।