পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রোহিঙ্গা তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা তরুণের নাম জাহিদুল ইসলাম (২৩)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকের মোহাম্মদ সলিমের ছেলে। জাহিদুল রাজমিস্ত্রি শ্রমিকদের দলনেতা ছিলেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, রাজমিস্ত্রি জাহিদুলের কাছে কাজের টাকা পেতেন রোহিঙ্গা শ্রমিক আনিসুর, সুলতানসহ কয়েকজন। বুধবার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান, আনিসুরসহ অজ্ঞাতনামা তিন–চারজন রোহিঙ্গা জড়ো হয়ে জাহিদুলকে ছুরিকাঘাত করেন। এতে জাহিদুল মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, নিহত রোহিঙ্গা তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।